সংবাদদাতা, ডোমকল: আগ্নেয়াস্ত্রের হাতবদলের আগেই এক কারবারিকে গ্রেপ্তার করল পুলিস। রবিবার রাতে সাগরপাড়ার ধনীরামপুর নতুন বামনাবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছে থেকে একটি দেশি পিস্তল ও চার রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে সাগরপাড়া থানার পুলিস। ধৃতের নাম লালন শেখ। ধৃতের বাড়ি সাগরপাড়া থানা এলাকাতেই। সোমবার ধৃতকে বহরমপুর আদালতে পাঠানো হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত অনেকদিন ধরেই আগ্নেয়াস্ত্র ও মাদকের কারবারের সঙ্গে জড়িত। ধৃতের বিরুদ্ধে মাদকের মামলাও রয়েছে। রবিবার সাগরপাড়া থানার পুলিসের কাছে খবর আসে নতুন বামনাবাদে একটি আগ্নেয়াস্ত্রের হাত বদল হবে। এরপরই সেখানে গিয়ে ওঁত পাতে সাগরপাড়া থানার পুলিসের একটি টিম। রবিবার রাতে নতুন বামনাবাদের দিকে সন্দেহজনকভাবে একজনকে ঘোরাফেরা করতে দেখেন পুলিসকর্মীরা। তাকে জিজ্ঞাসাবাদ চালাতেই কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। তল্লাশি চালিয়ে কোমরে গোঁজা অবস্থায় ওই পিস্তলটিকে উদ্ধার করে পুলিস। ধৃতকে পাকড়াও করে থানায় আনা হয়। পরে ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেপ্তার করা হয়।



