সংবাদদাতা, ডোমকল: সাগরপাড়ায় আবাসের নামে টাকা চাওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত সহায়কের বিরুদ্ধে। সাগরপাড়ার কাঁটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সহায়ক মহাসিন আলির বিরুদ্ধে ওই অভিযোগ তুলেছেন অঞ্চলের ভাঙ্গনপাড়ার বাসিন্দারা। যদিও নিজের দিকে ওঠা ওই অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সহায়ক। ভাঙনপাড়ার কয়েকজনের দাবি, আবাসের ঘরের তদন্তে এসে পঞ্চায়েত সহায়ক তাঁদের কাছে টাকা চেয়েছেন। টাকা না দিলে তাঁদের পরের কিস্তির টাকা আটকে দেবেন বলে হুমকিও দিয়েছেন তিনি। এক বাসিন্দা বলেন, আমার কাছে এসে ৭ হাজার টাকা চেয়েছেন ওই সহায়ক। টাকা না দিলে কিস্তির টাকা আটকে দেবেন বলে হুমকি দিয়েছেন তিনি। যদিও ওই সহায়ক মহাসিন আলি বলেন, বুধবার ওই এলাকায় আবাসের তদন্তে গিয়েছিলাম। সেখানে দেখলাম একই বাড়িতে বাবা ও দুই ছেলে ঘরের টাকা পেয়েছে, আরেকটি ঘটনা দেখলাম মা ও তার দুই ছেলে ঘরের টাকা পেয়েছে। সেখানে দেখলাম সবাই মিলে একটা বাড়ি তৈরি করেছে। যেটা নিয়মের বাইরে। তখন আমি তাদের জানিয়েছিলাম আপনারা টাকা যেহেতু আলাদা পেয়েছেন, তাই বাড়ি করার সময় আপনাদের সবাইকে আলাদা বাড়ি করতে হবে। আমি তখনই বলেছিলাম, আলাদা বাড়ি না করলে একটা বাড়ি দেখে তিনজনের টাকা দেওয়া হবে না। তাতেই ওরা ওই অভিযোগ আমার ওপরে তুলেছে। সেটা পুরোপুরি ভিত্তিহীন। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।



