সংবাদদাতা, ডোমকল: ঘন কুয়াশার সুযোগ নিয়ে সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবার। নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের চেষ্টা চালাচ্ছে চোরাকারবারিরা। বিএসএফের নজরদারিতে ধরাও পড়ছে। কিন্ত তারপরেও বাগে আনা যাচ্ছে না পাচারকারীদের। মঙ্গলবার রাতেও সাগরপাড়ার খাসমহল বিওপি এলাকা দিয়ে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের চেষ্টা চালিয়েছিল কয়েকজন পাচারকারী। সেইসময় তাদের ধাওয়া করে ৮৯৭ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করে বিএসএফের ১৪৬ ব্যাটেলিয়নের খাসমহল ক্যাম্পের জওয়ানরা। ঘন কুয়াশার সুযোগে বাকিরা পালিয়ে গেলেও একজনকে পাকড়াও করেছে বিএসএফ। ধৃতের নাম জামরুল শেখ। তার বাড়ি সাগরপাড়া থানা এলাকাতেই। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ধৃতকে ও বাজেয়াপ্তকৃত সিরপাকে বুধবার সাগরপাড়া থানার হাতে তুলে দেওয়া হয়েছে।



