সংবাদদাতা, জঙ্গিপুর: মঙ্গলবার গভীর রাতে সাগরদিঘির মণিগ্রামে পরপর তিনটি মন্দিরে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। মন্দিরের তালা ভেঙে কয়েক লক্ষ টাকা মূল্যের ঠাকুরের সোনা ও রুপোর গয়না চুরি হয়েছে বলে দাবি। এছাড়াও দুষ্কৃতীরা প্রণামী বাক্স ভেঙে কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয়। পরপর মন্দিরের চুরির ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন এলাকাবাসী। দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি তুলেছেন এলাকাবাসী। এছাড়াও মন্দির এলাকায় সিসি ক্যামেরা বা নৈশ প্রহরী দেওয়ার আর্জি জানান বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। এ প্রসঙ্গে সাগরদিঘি থানার পুলিস জানিয়েছে, দামি অলংকার বা সামগ্রী মন্দিরে না রাখতে এলাকাবাসীকে আগেই সতর্ক করা হয়েছিল। চুরির অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জানা গিয়েছে, রাত আড়াইটা নাগাদ মণিগ্রামের নারায়ণ মন্দিরের তিনটি তালা ভেঙে দেয় দুষ্কৃতীরা। মন্দিরে বহু প্রাচীন মূর্তি থেকে প্রায় আড়াই ভরি সোনা ও প্রায় ৩০ ভরি রুপোর অলংকার ও প্রণামী বাক্স নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বিষয়টি রাতেই নজরে আসে এলাকাবাসীর। এছাড়াও শিবতলার শিবমন্দির ও মনসা মন্দির থেকে দামি অলংকার ও পুজোর উপকরণ নিয়ে পালিয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকাজুড়ে রীতিমতো শোরগোলের সৃষ্টি হয়। এলাকাবাসীরাই পুলিসে খবর দেয়। নারায়ণ মন্দিরের পুজো কমিটির সেক্রেটারি অনন্ত মণ্ডল বলেন, বিষয়টি নিয়ে এলাকাবাসী খুবই উদ্বিগ্ন। পুলিস তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার করুক। স্থানীয় বাসিন্দা দেবজ্যোতি দে বলেন, এটা চৌমাথা মোড় এলাকা, যথেষ্ট আলোর ও ব্যবস্থা আছে। তারপরও তিনটি মন্দিরে চুরি হওয়ায় সকলেই আতঙ্কিত। এলাকায় পুলিসি টহল বাড়ানো হোক। প্রয়োজনে সিসি ক্যামেরা ও লাগানো হোক।



