Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাগরদিঘিতে ৩টি দেশি পিস্তল, সাত রাউন্ড গুলি সহ গ্রেপ্তার দুই দুষ্কৃতী

সাগরদিঘিতে ৩টি দেশি পিস্তল, সাত রাউন্ড গুলি সহ গ্রেপ্তার দুই দুষ্কৃতী
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: রবিবার দুপুরে সাগরদিঘিতে আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে পুলিস গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম মোক্তার হোসেন ও জাহাঙ্গির হোসেন। তাদের বাড়ি যথাক্রমে সামশেরগঞ্জের ভাসাইপাইকরে ও সূতি থানার বাউরিপুনি গ্রামে। পুলিস ধৃতদের কাছ থেকে তিনটি দেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি বাইক বাজেয়াপ্ত করেছে। তারা সেগুলি কোথা থেকে আমদানি করেছে তা খতিয়ে দেখছে পুলিস। পুলিসের প্রাথমিক অনুমান, সেগুলি হাতবদলের উদ্দেশ্যেই তারা নিয়ে যাচ্ছিল। সোমবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, এদিন দুপুরে মোরগ্রামে জাতীয় সড়ক এলাকায় একটি বাইক আটক করে পুলিস। বাইকে দু’জন আরোহী ছিল। জিজ্ঞাসাবাদ শুরু করলে, তাদের কথায় প্রচুর অসঙ্গতি ধরা পড়ে। তাতেই পুলিসের সন্দেহ বাড়ে। বাইক থেকে নামিয়ে পুলিস তাদের তল্লাশি চালায়। বাইকের ডিকিতে একটি নাইলনের ব্যাগ পাওয়া যায়। সেই ব্যাগ থেকেই তিনটি দেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার হয়। অস্ত্রগুলি বীরভূমের রামপুরহাটে হাতবদল করতেই নিয়ে যাচ্ছিল বলে জেরায় স্বীকার করেছে ধৃতরা। সাগরদিঘি থানার এক পুলিস আধিকারিক জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রসঙ্গত, গত শনিবার রাতে সামশেরগঞ্জের ঝাড়খণ্ড-বাংলা সীমান্তে একটি দেশি পিস্তল ও দু’রাউন্ড গুলি সহ ঝাড়খণ্ডের এক যুবককে গ্রেপ্তার করে পুলিস। অপরদিকে, শুক্রবার রাতে ফরাক্কার জয়রামপুরে দু’টি দেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি বাজেয়াপ্ত হয়েছে। জেলায় একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন গোয়েন্দারা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ