নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বুধবার কোচবিহারের সাগরদিঘিতে ফের একটি মোহনের মৃত্যু হল। চার-পাঁচ কেজি ওজনের মোহনটির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ৯ নভেম্বর সাগরদিঘিতে আরও একটি মোহনের মৃত্যু হয়েছিল। বনদপ্তর এদিনের মৃত মোহনটি উদ্ধার করে নিয়ে গিয়েছে। চলতি বছর কোচবিহারের বাণেশ্বর শিবদিঘিতে মোট তিনটি মোহনের (কচ্ছপ) মৃত্যু হয়েছে। সেখানে অসুস্থ হওয়া মোট পাঁচটি মোহন বনদপ্তরের নজরদারিতে রয়েছে। দুই দিঘিতেই পর পর মোহনের মৃত্যু ও অসুস্থ হওয়ার ঘটনায় স্থানীয় বিভিন্ন মহলে উদ্বেগ রয়েছে। গত দু’বছরেও এই দুই দিঘিতে এমন ঘটনা ঘটেছে। বনদপ্তরের এডিএফও বিজনকুমার নাথ বলেন, এদিনের মৃত কচ্ছপটি উদ্ধার করা হয়েছে। অসুস্থদের চিকিৎসা চলছে।



