Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাগরদিঘিতে ধান কাটতে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত ২

সাগরদিঘিতে ধান কাটতে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত ২
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: বৃহস্পতিবার ভোরে সাগরদিঘির জন্সিতে ১২নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় সাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতদের নাম প্রকাশ রবিদাস ওরফে অজয়(৩২) ও সেপ্টু শেখ(৩০)। তাঁদের বাড়ি যথাক্রমে সাগরদিঘি থানার গাঙআড্ডা ও গোপীনাথপুর গ্রামে। পেশায় তাঁরা দিনমজুর ছিলেন। এদিন মাঠে ধান কাটতে যাওয়ার সময় কোনও যানবাহন তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়িটির খোঁজে পুলিস তল্লাশি চালাচ্ছে।
Advertisement
সাগরদিঘি থানার এক আধিকারিক বলেন, কোনও গাড়ি তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। 
জানা গিয়েছে, এদিন ভোরে গাঙআড্ডা থেকে একটি সাইকেলে চেপে দুই বন্ধু অনুপপুরের মাঠে যাচ্ছিলেন। জন্সির কাছে কোনও গাড়ি তাঁদের পিছন থেকে ধাক্কা দেয়। তাঁরা দু’জনেই সাইকেল থেকে জাতীয় সড়কে ছিটকে পড়েন। তখন তাঁদের উপর দিয়ে লরির চাকা চলে যায়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। জাতীয় সড়কেই তাঁরা বেশ কিছু সময় ধরে পড়ে ছিলেন। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তাঁরা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। তাঁদের সাইকেলটিও চুরমার হয়ে গিয়েছে। মৃত প্রকাশের আত্মীয় নিমাই রবিদাস বলেন, মাঠে ওরা ধান কাটতে যাচ্ছিল। তখন কোনও গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে জঙ্গিপুর হাসপাতালে গিয়ে দেখি মৃত্যু হয়েছে। মৃত সেপ্টুর আত্মীয় সমীর শেখ বলেন, খুব সাধারণ পরিবারের ছেলে। কোনওরকম দিনমজুরি করে সংসার চালাত। দুই বন্ধু ধানকাটার কাজ করতে যাচ্ছিল। পথ দুর্ঘটনায় মারা গিয়েছে। পাশাপাশি দুই গ্রামের দুই যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পর্কিত সংবাদ