সংবাদদাতা, জঙ্গিপুর: বুধবার দুপুরে সাগরদিঘির আমবাগান থেকে এক হোমিওপ্যাথি চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিস। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম গোলাম আহমেদ(৪৫)। তাঁর বাড়ি সাগরদিঘি থানার হরহরি গ্রামে। পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। বাড়িতে তাঁর স্ত্রী সহ এক কন্যা রয়েছেন। সাগরদিঘিতে চেম্বার খুলে তিনি হোমিওপ্যাথি প্রাকটিস করতেন বলে জানা গিয়েছে। মানসিক অবসাদেই তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিসের। সাগরদিঘি থানার পুলিস জানিয়েছে, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে তিনি বাজারে গিয়েছিলেন। ফেরার পথে হরহরি বাসস্ট্যান্ড মোড়ে চা খান। পরিচিতদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন। এদিন দুপুর ১টা নাগাদ তাঁকে বাড়ি থেকে কিছুটা দূরে আমবাগানে গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখেন এলাকাবাসী। তাঁর পরিবারে ও পুলিসে খবর দেন স্থানীয়রা। তাঁকে উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের আত্মীয় মীর সাদরুল ইসলাম বলেন, তিনি চিকিৎসক হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। সকলের সঙ্গে ভালো ব্যবহার করতেন। কেন এমনটা করলেন বুঝে উঠতে পারছি না।



