নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাসবিহারী মোড় থেকে হাজরা মোড়গামী এসএফআইয়ের মিছিল আটকাল পুলিস। তাই নিয়ে মঙ্গলবার বিকেলে কালীঘাট স্কাইওয়াকের সামনে পুলিসের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ছাত্র নেতৃত্বের। শেষ পর্যন্ত পুলিস স্কাইওয়াকের সামনে ১৫ মিনিট সভা করার অনুমতি দেয়। কিন্তু আধ ঘণ্টারও বেশি সময় ধরে সমাবেশ করে এসএফআই। এক্ষেত্রে ধৈর্য্যের পরিচয় দিতেই দেখা গেল কলকাতা পুলিসকে।
মঙ্গলবার সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস পালন, স্টুডেন্টস ইউনিয়নের নির্বাচন ঘোষণা সহ একাধিক দাবিতে এসএফআই হাজরা মোড়ে সমাবেশের ডাক দিয়েছিল। পুলিস বিকল্প জায়গা হিসেবে রাসবিহারী মোড়ের কথা বলেছিল। তা সত্ত্বেও এদিন এসএফআই কর্মীরা মিছিল করে রাসবিহারী মোড় থেকে হাজরা মোড়ের দিকে আসতে থাকে। তখন কালীঘাট স্কাইওয়াকের সামনে মিছিল আটকায় পুলিস। সেখানে পুলিস আধিকারিকদের সঙ্গে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে সহ ছাত্র নেতৃত্ব বচসায় জড়ান। শেষমেশ পুলিস তাঁদের স্কাইওয়াকের সামনে ১৫ মিনিট জন্য সমাবেশের অনুমতি দেয়। রাস্তার এক পাশ ছেড়ে সেখানে সমাবেশ করে এসএফআই। ফলে যানজটের সৃষ্টি হয়।