সংবাদদাতা, আলিপুরদুয়ার ও কুমারগ্রাম: প্রতিবেশী বিশেষ চাহিদাসম্পন্ন এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা ও শারীরিক নির্যাতন চালানোর অভিযোগে পঞ্চাশোর্ধ এক ব্যক্তিকে বুধবার গ্রেপ্তার করে কুমারগ্রাম থানার বারোবিশা ফাঁড়ির পুলিস। কুমারগ্রাম ব্লকেই ১১ বছর বয়সি ওই নাবালিকার বাড়ি। অন্যদিকে, ১২ বছরের নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে মঙ্গলবার রাতে আলিপুরদুয়ার-২ ব্লকের উত্তর পারোকাটা গ্রামের বাসিন্দা ৬২ বছরের এক বৃদ্ধকে পুলিস গ্রেপ্তার করেছে। মঙ্গলবার বিকেলে কুমারগ্রামের ওই নাবালিকা বাড়িতে একা ছিল। প্রতিবেশী ওই ব্যক্তি নাবালিকার বাড়িতে এসে তাকে ধর্ষণের চেষ্টা করে। নাবালিকার মা সেসময় গোরু আনতে মাঠে ছিলেন। তিনি ফিরে এসে ঘটনাটি দেখেন। এরপর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নাবালিকার মা বারোবিশা পুলিস ফাঁড়িতে লিখিত অভিযোগ জানান। এরপরই পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। এদিন নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হয়। ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিস।



