Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

শুশ্রূষার নামে যৌন নির্যাতন, মৃত্যু আশি বছরের বৃদ্ধার, গ্রেপ্তার যুবক

৮০বছরের অসহায় অসুস্থ বৃদ্ধাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শুশ্রূষা ও দেখভালের অজুহাতে ওই যুবক নিয়মিত স্বামীহারা নিসন্তান বৃদ্ধার উপর যৌন নির্যাতন চালাত বলে অভিযোগ।

শুশ্রূষার নামে যৌন নির্যাতন, মৃত্যু আশি বছরের বৃদ্ধার, গ্রেপ্তার যুবক
  • ২২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: ৮০বছরের অসহায় অসুস্থ বৃদ্ধাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শুশ্রূষা ও দেখভালের অজুহাতে ওই যুবক নিয়মিত স্বামীহারা নিসন্তান বৃদ্ধার উপর যৌন নির্যাতন চালাত বলে অভিযোগ। মঙ্গলবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার জংশনের একটি মহল্লায়। এই ঘটনার পর বুধবার সকালে ওই বৃদ্ধার মৃত্যু হয়। এরপরই পাড়ার মহিলাদের থেকে লিখিত অভিযোগ পেয়ে পুলিস বিশাল ডোম নামে অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করেছে। 

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধার স্বামী কয়েক বছর আগে মারা যান। নিঃসন্তান বৃদ্ধা পরিচারিকার কাজ করে পেট চালাতেন। এলাকার একটি পরিত্যক্ত কোয়ার্টারে থাকতেন বৃদ্ধা। কিছুদিন ধরে অসুস্থ হয়ে পড়লে পাড়ার মহিলারা তাঁর দেখাশুনা করতেন। শুধু তাই নয়, বৃদ্ধার দেখভাল ও শুশ্রূষার জন্য পাড়ার মহিলারা বিশাল ডোম নামে ওই যুবককে নিযুক্ত করেন।
মঙ্গলবার রাত ১০ টা নাগাদ হঠাৎই বৃদ্ধার চিৎকার শুনে পাড়ার মহিলারা ছুটে আসেন। কোয়ার্টারে ঢুকে প্রতিবেশীরা বৃদ্ধাকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন। যুবকও তখন ঘরে ছিল। তারপরই স্থানীয়রা যুবককে ধরে উত্তম মধ্যম দিয়ে জংশন ফাঁড়ির পুলিসের হাতে তুলে দেয়। বৃদ্ধার কেউ না থাকায় এই ঘটনার জন্য পুলিসের কাছে অভিযোগ করার কেউ ছিল না। শেষ পর্যন্ত পুলিসের কাছে শ্লীলতাহানির অভিযোগ করতে পাড়ার মহিলারাই এগিয়ে আসেন। অভিযোগ পেয়েই পুলিস যুবককে গ্রেপ্তার করে। 
বুধবার ধৃত যুবককে পুলিস আলিপুরদুয়ার আদালতে তোলে। জংশন ফাঁড়ির পুলিস জানিয়েছে, আদালত ধৃতকে ১০ দিনের পুলিসি হেফাজতে পাঠিয়েছে। পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, আদালত ধৃতকে পুলিসি হেফাজতে পাঠিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি পরিস্কার হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ