নিজস্ব প্রতিনিধি, বরানগর: বরানগরে হাড় হিম খুনের কাণ্ডের একদিন আগেই এলাকায় এসেছিল ধৃত ধরমবীর কুমার। অঞ্জলি সাউকে খুনের পর দক্ষিণেশ্বরের ওই হোটেলে গিয়ে জামা-কাপড় বদলে ফ্রেস হয়েছিল। এরপর হাওড়া স্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। শুধু তাই নয়, খুনের আগে ও পরে অঞ্জলির উপর যৌন নির্যাতনের সম্ভাবনাও প্রবল বলে মনে করছেন তদন্তকারীরা। সেক্ষেত্রে বিকৃত মানসিকতা নাকি কোনো আক্রোশ চরিতার্থ? নাকি গেমিংয়ের অর্থের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব? ঘটনার সময় ফ্ল্যাটে ধরমবীর একা পৌঁছেছিল, নাকি অনলাইন গেমিংয়ের আরও কোনো পার্টনার সেখানে হাজির ছিল? এরকম বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, ধৃতকে হেপাজতে নিয়ে সমস্ত মিসিং লিঙ্ক মেলানোর পাশাপাশি ঘটনার পুনর্নির্মাণ করা হবে। শুক্রবার দিল্লির করকরডুমা আদলতে তুলে ধরমবীরকে তিনদিনের ট্রানজিট রিমান্ডে পেয়েছেন তদন্তকারীরা। জেরায় ধৃত জানিয়েছে, অনলাইন পাবজি গেমে অন্য এক তরুণীর যোগ দেওয়াকে কেন্দ্র করেই অঞ্জলির সঙ্গে তার বিবাদ চরমে ওঠে।
মঙ্গলবার বিকেল বরানগরের ১৭ নম্বর ওয়ার্ডের শীতলামাতা লেনে দিদির খালি ফ্ল্যাটে খুন হন অঞ্জলি সাউ (২৭)। অঞ্জলির খোয়া যাওয়া মোবাইল ও হোটেলে দেওয়া ধৃতের মোবাইলের সূত্র ধরে শুক্রবার রাতে দিল্লির আনন্দবিহার স্টেশন চত্বর থেকে তাঁর গেমিং পার্টনার ধরমবীরকে পুলিশ গ্রেপ্তার করে। তার বাড়ি উত্তরপ্রদেশের কানপুর এলাকায়। তদন্তকারীরা জেনেছেন, বছর দেড়েক আগে যক্ষা রোগে আক্রান্ত হওয়ার পর গৃহবন্দি অঞ্জলি অনলাইন গেম ‘পাবজি’তে আসক্ত হয়। সেই গেমের একাধিক ‘পার্টনারের’ মধ্যে ধরমবীরের সঙ্গে বিশেষ বন্ধুত্ব তৈরি হয়েছিল তাঁর।
তদন্তকারীরা বলছেন, সোমবারই ধরমবীর দক্ষিণেশ্বর পৌঁছে এক হোটেলে উঠেছিল। মঙ্গলবার দুপুরে ডানলপের বাড়ি থেকে বেরিয়ে অঞ্জলি তার সঙ্গে দেখা করে। ওইদিন দুপুরে অঞ্জলি বরানগরে দিদির ফ্ল্যাটে ঢোকেন। এরপর পরিকল্পনামাফিক ধরমবীর ওই ফ্ল্যাটে পৌঁছায়। ফ্ল্যাটে দেড় থেকে দু’ঘণ্টা ছিল এই যুবক। তারমধ্যেই নৃশংস নির্যাতনের পর অঞ্জলিকে খুন করে ফের দক্ষিণেশ্বরের হোটেলে ফেরে। সেখানে জামাকাপড় বদল করে বালি স্টেশন হয়ে হাওড়া পৌঁছে দিল্লিগামী ট্রেন ধরে। তদন্তকারীরা ধৃতকে জেরা করে বন্ধ ফ্ল্যাটের ভিতরের রহস্য উদঘাটন করতে চাইছেন। ধরমবীর উত্তরপ্রদেশ থেকে খুনের উদ্দেশ্য নিয়ে এসেছিল? নাকি ফ্ল্যাটের মধ্যে আচমকা কোনও ঝামেলার জের? যৌন সম্পর্কে বাধা পেয়ে কি এমন ঘটনা? নাকি গেমিংয়ের টাকার বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্ব? বিকৃত মানসিকতা থেকে খুনের পরও কি যৌন নির্যাতন করেছিল? নৃশংস নির্যাতনে কি আর কেউ যুক্ত ছিল? ট্রানজিট রিমান্ডে ধরমবীরকে বরানগরে এনে এইসব অধরা প্রশ্নের উত্তর পেতে চাইছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রেনে বসেই সে অঞ্জলির মোবাইল মাঝেমধ্যে খুলেছে ও বন্ধ করেছে। খুনের পরদিন অঞ্জলির হোয়াটসঅ্যাপ থেকে তাঁর বাবা ও মামাতো দাদাকে ম্যাসেজ করেছে। এমনকি মোবাইল থেকে অঞ্জলির মাকে ফোন করে ১৩ সেকেন্ড চুপচাপ ছিল। খুন হওয়া যুবতীর দাদা সন্দীপকুমার সাউ বলেন, শুনেছি পুলিশ এক যুবককে পাকড়াও করেছে। শুধু ওই যুবক একা এই কাজ করেছে, নাকি আরও কোনও মাথা যুক্ত, তা তদন্ত করে বের করা হোক। ধৃতের চরম সাজা অর্থাৎ ফাঁসি চাই। এনকাউন্টার করে দিলে তো মুহূর্তেই সব শেষ। বোনকে যেভাবে ভয়ংকর নির্যাতন করেছে, ওকেও তেমন যন্ত্রণা পেতে হবে।



