নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: দীর্ঘদিন ধরেই নিকাশি ব্যবস্থা বেহাল। সেকারণেই সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিন ঘণ্টা ধরে চলে অবরোধ। বিনপুর-এক ব্লকের যশপুরের ঘটনা। এই অবরোধের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিসি আশ্বাসে অবরোধ উঠে যায়। বিনপুর-১ ব্লকের বিডিও অনল সরকার বলেন, গ্ৰামবাসীরা নিকাশি সমস্যার কথা জানিয়েছিলেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঝাড়গ্রাম শহর থেকে পশ্চিম মেদিনীপুর যাওয়ার রাস্তার সংস্কার হয়েছে। যার জেরে রাস্তা অনেক উঁচু হয়ে গিয়েছে। স্থানীয় বৈতা পঞ্চায়েতের যশপুর এলাকার প্রধান সড়ক থেকে পূবে গ্ৰামে ঢোকার রাস্তাও কংক্রিটের হয়েছে। কিন্তু সমস্যা হল সংযোগস্থলের কাছে স্থানীয় এক বাসিন্দা পাঁচিল তুলে দেওয়ায় নিকাশি নালার জল বের হতে পারছে না। ফলে স্বল্প বৃষ্টি হলেও ঢালাই রাস্তার উপর জল জমে থাকছে। সেই জল পেরিয়ে স্থানীয় বাসিন্দা ও স্কুলের পড়ুয়াদের নিত্যদিন যাতায়াত করতে হয়। গ্ৰামবাসীদের অভিযোগ, সরকারি জমি দখল করে পাঁচিল দেওয়া হয়েছে। যার জেরে এলাকার জল বের হতে পারছে না! ব্লক প্রশাসন ও পুলিসকে জানিয়ে কোনও কাজ না হওয়ায় গ্ৰামবাসীরা এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয় গ্ৰামবাসী অমিতাভ আচার্য বলেন, ব্লক প্রশাসনকে নিকাশি সমস্যার কথা জানানো হয়েছিল। এলাকার এক বাসিন্দা বেআইনিভাবে রাস্তার কাছে পাঁচিল দিয়েছে। গত মাসে পুলিসকেও সমস্যার কথা জানানো হয়। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি। ফলে আমরা বাধ্য হয়ে এদিন পথ অবরোধ করি। অপর বাসিন্দা রাখোহরি রাউত বলেন, রাস্তায় জমা নোংরা জলের উপর দিয়ে নিত্যদিন যাতায়াত করতে হচ্ছে। স্থানীয় স্কুলের ছেলে,মেয়েরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে। প্রশাসন দ্রুত পদক্ষেপ নিক।