Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

অন্নপূর্ণার টাকা পাননি একাধিক মহিলা, এসডিও অফিসে ভিড় , আরামবাগ মহকুমাজুড়ে বাড়ছে ক্ষোভ

অন্নপূর্ণা যোজনায় আবেদন করেও টাকা পাননি বহু মহিলা। আরামবাগে ক্ষোভ বাড়ছে। প্রশাসনের কাছে জানতে চান উপভোক্তারা। বিস্তারিত পড়ুন।

অন্নপূর্ণার টাকা পাননি একাধিক মহিলা, এসডিও অফিসে ভিড় , আরামবাগ মহকুমাজুড়ে বাড়ছে ক্ষোভ
  • ৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামাবাগ: অন্নপূর্ণা যোজনায় আবেদন করেও টাকা পাননি অনেক মহিলা। ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করিয়ে, সাইবার ক্যাফেতে গিয়ে হন্যে হয়ে ঘুরছেন অনেকে। কোথায় সমস্যা হয়েছে বুঝতে চাইছেন। অনেকে আবার বিডিও, এসডিও অফিসের সংশ্লিষ্ট দপ্তরে যাচ্ছেন। কিন্তু টাকা না মেলায় হতাশ হচ্ছেন। অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মিমও ছড়াচ্ছে। অনেক বাড়ির পুরুষরা সরকারি অফিসে গিয়েও অন্নপূর্ণা যোজনার ব্যাপারে খোঁজ নিচ্ছেন। বৃহস্পতিবার এমন অনেকেই আরামবাগে মহকুমা শাসকের অফিসে গিয়ে দরবার করেন। মহকুমার ব্লক দপ্তরগুলিতেও উপভোক্তারা যান। পুরুলিয়ার রঘুনাথপুরেও বহু মহিলা পুরসভায় যান। 

Advertisement

এই ব্যাপারে পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন, যোগ্য প্রাপকরা প্রত্যেকেই টাকা পাবেন। উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। তৃণমূল সরকারের আমলে লক্ষ লক্ষ ভুয়ো ব্যক্তিকে টাকা পাইয়ে দেওয়া হয়েছে। আমাদের সরকার এক মাসের মধ্যে এক কোটি ৩০ লক্ষ মহিলাকে টাকা পাঠিয়েছে। আগামী দিনে বাকি আবেদনগুলি পুনরায় যাচাই করবে প্রশাসন। আরামবাগ মহকুমা শাসকের দপ্তরের এক কর্মী বলেন, টাকা দেওয়ার প্রক্রিয়া এখনও চলছে। তাছাড়া অনেকের আবার ডিবিটি লিংক না থাকার ফলে টাকা ঢোকার বিষয়টি বুঝতে পারছেন না। যাঁরা এসেছিলেন প্রত্যেককেই উত্তর দেওয়া হয়েছে। 
আরামবাগ শহরের বেনেপুকুরের বাসিন্দা শম্পা মণ্ডল আগে লক্ষ্মীর ভাণ্ডারের দেড় হাজার করে টাকা প্রতি মাসে পেতেন। সরকারের ঘোষণা মতো অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করেছিলেন। কিন্তু তাঁর টাকা ঢোকেনি বলে অভিযোগ। তিনি বলছেন, মেয়ে উচ্চ মাধ্যমিকে পড়ছে। ওর পড়াশোনার খরচে সরকারের ওই টাকা আমাদের সংসারে সহায়ক ছিল। কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা না ঢোকায় হতাশ হচ্ছি। 
আরামবাগের কাজিপাড়ার বাসিন্দা চন্দন ভট্টাচার্য বলেন, টিউশন পড়িয়ে সংসার চালাই। অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করেও স্ত্রীর ব্যাংকে টাকা ঢোকেনি। কবে টাকা ঢুকবে বা আদৌ ঢুকবে কি না তা জানতে এদিন মহকুমা শাসকের অফিসে আসি। কিন্তু সেভাবে কোনো উত্তর পেলাম না। জানি না কী হবে। ওই টাকা পেলে আমাদের অনেক উপকার হতো। 
আবেদন করেও টাকা পাননি মৌসুমী অধিকারীও। আরামবাগের বাসিন্দা দীপালি দলুই অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন। স্বামী ভ্যান রিকশ চালান। অন্নপূর্ণা যোজনার টাকা পেতে তিনি কয়েকদিন ধরে ছোটাছুটি করেছেন। তিনি বলেন, টাকা ঢোকার মেসেজ এখনও পাইনি। আবার খানাকুলের বাসিন্দা সুষমা ইসর বুধবারই তিন হাজার টাকা পেয়েছেন বলে মেসেজ পেয়েছেন।
অন্যদিকে, এদিন বিজেপি নেতৃত্ব রঘুনাথপুরে মহকুমা শাসকের দপ্তরে যায়। অন্নপূর্ণা যোজনায় অনেকের সুবিধা না পাওয়া নিয়ে প্রশাসনের কাছে জবাব চায়। দপ্তরের আধিকারিকরা জানান, এই প্রকল্পে ৯০ দিন পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আবেদনগুলি খতিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে, এদিন রঘুনাথপুর শহরের বহু মহিলা পুরসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন। টাকা না পাওয়ার জন্য তাঁরা ক্ষোভ প্রকাশও করেন। চেয়ারম্যান তরণী বাউরি বলেন, এই প্রকল্পের যাবতীয় কাজ প্রশাসন করছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ