Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ওয়াকফ আইনের বিরুদ্ধে সভায় শামিল একাধিক রাজনৈতিক দল ও হিন্দুরাও

ওয়াকফ আইনের বিরুদ্ধে সভায় শামিল একাধিক রাজনৈতিক দল ও হিন্দুরাও
  • ১৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: বুধবার নলহাটিতে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে ইদগাহ কমিটির সভা থেকে ফেরার পথে কয়েকশো অল্পরয়সি ছেলে জাতীয় সড়কে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে। যার জেরে ঘণ্টাখানেক অবরুদ্ধ হয়ে পড়ে সড়ক। স্তব্ধ হয়ে যায় যান চলাচল। ব্যাপক ভোগান্তির মুখে পড়েন দূরপাল্লার বাস যাত্রীরা। পরে অবশ্য কমিটির লোকজন এসে তাঁদের সরিয়ে দেন। তবে যান চলাচল স্বাভাবিক হতে আরও কিছুক্ষণ সময় লেগে যায়। ওয়াকফ আইন বাতিলের দাবিতে এদিন বিশাল সভার ডাক দেয় নলহাটি ইদগাহ কমিটি। নলহাটি বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ জড়ো হয়। মঞ্চে ইদগাহ কমিটির সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল বিধায়ক রাজেন্দ্রপ্রসাদ সিং, শহর সভাপতি পিন্টু সিং, সিপিএম নেতা গোরাচাঁদ গুপ্ত, যুব কংগ্রেস নেতা নাসিরুল শেখ প্রমুখ। এছাড়াও বহু হিন্দু মানুষ সভায় অংশ নেন এবং বক্তব্যও রাখেন। নলহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলার পরিমল লেট বলেন, সামাজিক মাধ্যমে অনেক ফেক ভিডিও ছড়িয়ে পড়ছে। তা নিয়ে বিভ্রান্ত হব না আমরা। ওয়াকফ আইন বাতিল না হওয়া পর্যন্ত সরকারের বিরুদ্ধে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন জারি থাকবে। আমরা হিন্দু মুলিসম বিভেদ জানি না। আমরা জানি সকলেই ভারতবাসী। স্থানীয় বিধায়ক বলেন, মুসলিমদের এই আন্দোলনে অনেক হিন্দুও শামিল হয়েছেন। আমরা এভাবেই এক হয়ে থাকব। মুখ্যমন্ত্রী বলেছেন এই রাজ্যে ওয়াকফ আইন চালু করতে দেবেন না। আপনারা তাঁর প্রতি ভরসা রাখুন। 

Advertisement

অন্যদিকে ইদগাহ কমিটির সভাপতি মুফতি নুরুল হোদা বলেন, ওয়াকফ আইন বাতিল করতে হবে। মুসলিম কমিউনিটিকে হেনস্তা ও তাঁদের ওয়াকফ সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য কেন্দ্র সরকার এই আইন করেছে। সংবিধান বিরোধী এই আইন আমরা মানছি না। আমাদের এই আন্দোলনে বিজেপি বাদে বেশ কিছু রাজনৈতিক দলের নেতা ও হিন্দুরাও অংশ নিয়েছেন। শান্তিশৃঙ্খলা বজায় রেখে সভা হয়েছে। এর আগে যেমন কৃষি বিল প্রত্যাহার হয়েছে। এই আইনও প্রত্যাহার করিয়েই ছাড়ব। 
এদিন সভা থেকে ফেরার পথে অল্পবয়সি কয়েকশো যুবক নলহাটির বাস স্টপ এলাকায় রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে পড়ে। তারা ওয়াকফ আইনের প্রতিবাদে স্লোগান দিতে থাকে। যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে সড়ক। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গে যোগাযোগকারী এই সড়কের দু’ ধারে বহু দূরপাল্লার বাস ও লরি দাঁড়িয়ে পড়ে। তীব্র গরমে ভোগান্তিতে পড়তে হয় তাঁদের। সেই সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাখানেক ধরে সড়ক অবরুদ্ধ থাকে। কমিটির সভাপতি বলেন, মানা করা সত্ত্বেও কিছু ছেলে সড়ক অবরুদ্ধ করে রাখে। পরে আমরাই তাদের সরিয়ে দিই।  
ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে এদিন মাড়গ্রাম ও পাইকরেও সভা হয়। দু’টি সভাতেই হাজার হাজার মানুষ শান্তিপূর্ণভাবে অংশ নিয়েছিল। সভার উদ্যোক্তা তথা মাড়গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলমগীর বলেন, এই আইন বাতিল করতে হবে। কেন্দ্র সরকার এই আইনকে হাতিয়ার করে হিন্দু মুসলমানে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কিন্তু এখানে যতই চেষ্টা করুক তারা সফল হবে না। অপ্রীতিকর ঘটনা এড়াতে তিনটি সভাস্থলেই প্রচুর পুলিস মোতায়েন ছিল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ