কয়েকটি এক্সপ্রেস ট্রেন দাঁড়াক মানকর স্টেশনে, সরব যাত্রীরা
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানকর: ছটপুজো উপলক্ষ্যে বুদবুদ, মানকর সংলগ্ন এলাকার বহু মানুষ ভিনরাজ্যে ফিরছেন। আসানসোল ডিভিশনের মানকর স্টেশন থেকে তাঁরা ট্রেনে দুর্গাপুর যাচ্ছেন। তারপর সেখান থেকে এক্সপ্রেস ট্রেন ধরে গন্তব্যে যাচ্ছে। তাঁদের দাবি গুরুত্বপূর্ণ মানকর স্টেশনে পাটনা, উত্তরপ্রদেশগামী কয়েকটি ট্রেনের স্টপেজ দেওয়া হোক। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানকর স্টেশনের উপর বুদবুদ সহ গলসি-১ ও আউশগ্রাম-২ ব্লকের বহু গ্রামের মানুষ নির্ভর করেন। তাছাড়া মানকরে রয়েছে একাধিক ব্যাংক, স্বাস্থ্যকেন্দ্র, স্কুল-কলেজ ও কিছু সরকারি দপ্তর। বুদবুদে রয়েছে সেনাছাউনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ওই সেনাছাউনি তৈরি হয়। সেনাবাহিনীর কর্মীদের প্রয়োজনে বুদবুদে গড়ে ওঠে বাজার। সময়ের সঙ্গে বেড়েছে জনবসতি। এই এলাকা থেকে গন্তব্যে যাওয়ার অন্যতম প্রধান মাধ্যম ট্রেন। নিত্যদিন বহু মানুষ মানকর স্টেশন হয়ে যাতায়াত করেন। 
স্থানীয়দের দাবি কয়েকটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়া হোক। বুদবুদের বাসিন্দা উপিন্দর সিং প্রতি বছর ছট পুজোর সময় দেশের বাড়ি যান। তিনি বলেন, মানকর থেকে লোকাল ট্রেন ধরে দুর্গাপুর আসি। সেখান থেকে দূরপাল্লার ট্রেন ধরে বাড়ি যায়। মানকরে যদি মিথিলা এক্সপ্রেস ও বালিয়া এক্সপ্রেস সহ কয়েকটি ট্রেন স্টপেজ দেয় তাহলে সুবিধা হয়। তাতে হয়রানি ও খরচ দুটোই কমবে। বুদবুদ চেম্বার অব কমার্সের সভাপতি রতন সাহা বলেন,  এলাকা থেকে বহু মানুষ ছটে বাড়ি যান। মিথিলা ও বালিয়া এক্সপ্রেসের সঙ্গে জম্মুতাওয়াই এক্সপ্রেস ও বাঘ এক্সপ্রেস সহ একাধিক ট্রেনের স্টপেজের দাবিতে রেল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু কোনো লাভ হয়নি। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে সিউড়ি শিয়ালদহ মেমু এক্সপ্রেস এবং আসানসোল শিয়ালদহ ইন্টারসিটি ট্রেনের স্টপেজের জন্য একাধিকবার আবেদন করা হয়েছে। দূরপাল্লা ট্রেনগুলি দাঁড়ালে এলাকার ব্যবসায়ী সহ সাধারণ মানুষের উপকার হবে।   
মানকরের বাসিন্দা অশোককুমার চক্রবর্তী বলেন, মানকর স্টেশনে গড়ে মাসিক টিকিট বিক্রি হয় প্রায় ১৮ লক্ষ টাকা। ট্রেনগুলি থামলে সেনাছাউনির বহু সৈনিকেরও উপকার হবে। কিন্তু একাধিকবার আবেদন করেও কোনো লাভ হচ্ছে না। বিষয়টি নিয়ে আসানসোল ডিভিশনের এক আধিকারিক বলেন, রেল বোর্ড ঠিক করে কোথায় কোন ট্রেনের স্টপেজ দেওয়া হবে।