নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাত দিনের মধ্যে এসআইআরের প্রস্তুতি সংক্রান্ত যাবতীয় কাজ শেষ করতে হবে। রাজ্যে এসে জেলাগুলিকে এমনই নির্দেশ দিয়ে গিয়েছে কমিশনের প্রতিনিধি দল। বুধবারের ওই নির্দেশের পর বকেয়া কাজ শেষ করতে সর্বত্র তৎপরতা দেখা গেলেও নির্ধারিত সময়সীমার মধ্যে যাবতীয় কাজ আদৌ শেষ হবে কি না, সন্দিহান একাধিক জেলা প্রশাসন।
সূত্রের খবর, প্রায় সব জেলাতেই ভোটার তালিকার ম্যাপিং-এর কাজ (শেষ এসআইআর অর্থাৎ ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকা যাচাই) প্রায় ৩০ শতাংশ বাকি। সেই কাজ শেষ করাই আপাতত প্রধান লক্ষ্য। এছাড়া, রাজ্যের সর্বত্র বুথ লেভেল অফিসার (বিএলও) নিয়োগ এবং তাঁদের প্রশিক্ষণ শেষ করা এখন জেলাগুলির অন্যতম মাথাব্যথার কারণ। বিশেষত সীমান্তবর্তী জেলাগুলি অনেকটাই পিছিয়ে রয়েছে। উত্তরবঙ্গে সাম্প্রতিক দুর্যোগের পর পাহাড়ের জেলাগুলিও এসআইআর প্রস্তুতির কাজে অনেকটাই পিছিয়ে পড়েছে।
এসআইআরের প্রাথমিক কাজ করতে হবে বিএলওদেরই। গোটা প্রক্রিয়াই হবে ডিজিটাইজড পদ্ধতিতে। কমিশনের প্রতিনিধি দল রাজ্যে এসে বিষয়টি স্পষ্ট করে দিয়েছে। তাই পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকলে সেই কাজ করা সম্ভব নয়। সেক্ষেত্রে এসআইআর প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হওয়ার আশঙ্কা থেকে যাবে। কমিশনের নিয়ম অনুযায়ী কোনও চুক্তিভিত্তিক কর্মীকে বিএলও হিসেবে নিয়োগ করা যাবে না তাই এনিয়ে প্রথম থেকেই সমস্যায় পড়েছিল জেলাগুলি। সেই সমস্যা কিছুটা মেটানো গেলেও কমিশনের বেঁধে দেওয়া সূচি অনুযায়ী বিএলওদের প্রশিক্ষণ পর্ব শেষ করাই এখন অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও কমিশন চাইছে এসআইআর বিজ্ঞপ্তি জারির আগেই অন্তত অর্ধেক সংখ্যক ‘এনুমারেশন ফর্ম’ ছাপার কাজ শেষ করতে। সেই কাজও করতে হবে জেলাগুলিকে। তবে এক্ষেত্রে কিছুটা সময় হাতে পাবে জেলা প্রশাসনগুলি। সব মিলিয়ে কমিশনের বেঁধে দেওয়া সূচি অনুযায়ী প্রস্তুতির কাজ শেষ করা নিয়ে সংশয় রয়েছে একাধিক জেলা প্রশাসনের অন্দরে।