বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: জঙ্গি হানার বদলা অপারেশন সিঁদুর। ভারত-পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধের পরিস্থিতি। এই অবস্থায় দেশের নাগরিকদের ভারত ভ্রমণে একগুচ্ছ বিধিনিষেধ জারি করল আমেরিকা, ব্রিটেন, চীন, সিঙ্গাপুর, কানাডা, ইজরায়েল ও অস্ট্রেলিয়া। নয়াদিল্লির মার্কিন দূতাবাসের তরফে এক নির্দেশিকায় বলা হয়েছে, ভারত-পাকিস্তান পরিস্থিতির উপর সতর্ক নজর রাখা হচ্ছে। জম্মু ও কাশ্মীর এবং ভারতের সীমান্তবর্তী এলাকায় মার্কিন নাগরিকদের আপাতত যাওয়া নিষেধ। পাকিস্তানে যাওয়ার উপরও একই বিধিনিষেধ জারি করেছে মার্কিন প্রশাসন। ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটার মধ্যে নাগরিকদের যেতে নিষেধ করেছে ব্রিটেন। খুব প্রয়োজন ছাড়া নাগরিকদের জম্মু ও কাশ্মীর না যাওয়াই উচিত বলে জানিয়েছে সেদেশের বিদেশ মন্ত্রক। বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার পর থেকে সেখানে নিরাপত্তার ঝুঁকি রয়েছে। অস্ট্রেলিয়াও ভারত ভ্রমণ নিয়ে নাগরিকদের পুনরায় চিন্তাভাবনা করতে বলেছে। সেইসঙ্গে কাশ্মীর ভ্রমণে নিষেধ করা হয়েছে। ইজরায়েল তাদের নাগরিকদের অবিলম্বে কাশ্মীর ছাড়তে বলেছে। সূত্রে খবর, পাকিস্তানে থাকা নাগরিকদের একগুচ্ছ সতর্কতা মেনে চলতে বলল লাহোরের মার্কিন কনস্যুলেট। অবিলম্বে তাদের নাগরিকদের লাহোর ছাড়তে বলেছে মার্কিন দূতাবাস। অসুবিধায় পড়লে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সিঙ্গাপুরের বিদেশ মন্ত্রকের জানিয়েছে, খুব দরকার ছাড়া জম্মু ও কাশ্মীর না যাওয়াই উচিত।



