শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কয়েক বিঘা ধান-সবজি খেত, বিপাকে চাষিরা, রাজগঞ্জে ফুটো হয়ে গিয়েছে টিনের চালও
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রাজগঞ্জ: বুধবার ভাইফোঁটার দিন বিকেল সাড়ে ৪টে নাগাদ আচমকাই ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায়। বিশেষ করে রাজগঞ্জ ব্লকের শিকারপুর ও মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় শিলাবৃষ্টির জেরে ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। জমিতে থাকা পাকা ধান সহ সবজি নষ্ট হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। শুধু কৃষিজমিই নয়, শিলাবৃষ্টির প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫০০’রও বেশি বাড়ি। ঘরের টিনের চাল ফুটো হয়ে গিয়েছে। একদিকে ফসলের ক্ষতি, অন্যদিকে বাড়িঘরের ক্ষয়ক্ষতি দুইয়ের জেরে বিপাকে পড়েছেন বাসিন্দারা। 

Advertisement

ক্ষতিগ্রস্ত বাসিন্দা রতন রায়, মিনতি রায় জানান, শিলাবৃষ্টিতে ঘরের টিনের চাল ফুটো হয়ে গিয়েছে। শোবার ঘরে বৃষ্টির জল পড়ায় বিছানা ভিজে যায়। রাতে পাশের বাড়ি গিয়ে থাকতে হয়েছে। তাঁরা সরকারি সহযোগিতার আর্জি জানিয়েছেন। 
ধান চাষি দুলাল অধিকারী, মিন্টু রায় বলেন, কয়েকশো বিঘা জমিতে ধান রয়েছে। শিলাবৃষ্টি ও হাওয়ার কারণে পাকা ধানগাছ মাটিতে নুইয়ে পড়েছে। জমিতে জলও জমেছে। ধান গাছের শিসে একটিও ধান নেই। বিপুল ক্ষতির মুখোমুখি আমরা। 
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন জলপাইগুড়ি জেলা কিষান মোর্চার সভাপতি নকুল দাস, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি মণিকা রায়। তাঁদের সঙ্গে ছিলেন রাজগঞ্জ মাইনোরিটি মোর্চার নেতা আনোয়ার হুসেন। 
কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং তাঁদের সমস্যার কথা শোনেন। প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হওয়া কৃষক পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন কিষান মোর্চার নেতা। জেলা কিষান মোর্চার সভাপতি নকুল দাস বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলেছি। তাঁদের পাশে থাকার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। 
অন্যদিকে, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, শিকারপুর ও মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় শিলাবৃষ্টিতে বহু বাড়ির টিনের চাল ফুটো হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পরিস্থিতি খতিয়ে দেখা হল। বিষয়টি ব্লক প্রশাসনের নজরে আনব। আপাতত ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে দ্রুত ত্রিপল তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।