বৃষ্টিতে বিপর্যস্ত হাওড়ায় জলমগ্ন একাধিক এলাকা, কলকাতায় যানবাহনের গতি শ্লথ
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা, হাওড়া ও বিধাননগর: লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। প্রভাব পড়েছে হাওড়া, কলকাতায়। তবে কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল কম। শুক্রবার সন্ধ্যার পর বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ে। কোথাও ৮ মিমি, কোথাও ১২ মিমি, ২০ মিমি বৃষ্টি হয়েছে। ২৪ ঘণ্টা কন্ট্রোলরুম চালু রয়েছে। জল জমলে রাস্তা পরিষ্কার করার জন্য কর্মীরা প্রস্তুত রয়েছেন। সকাল থেকেই বৃষ্টির জেরে যানবাহনের গতি ছিল শ্লথ। লেকটাউনে গাড়ির উপর গাছ ভেঙে পড়েছে। 

Advertisement

শুক্রবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টিতে হাওড়ার একাধিক নীচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সালকিয়া, টিকিয়াপাড়া, বেলগাছিয়া, ঘুসুড়ি, মধ্য ও দক্ষিণ হাওড়ার বিভিন্ন রাস্তায় জল দাঁড়িয়ে সমস্যায় পড়েন মানুষ। যান চলাচল, যাতায়াত সবেতেই বাধা সৃষ্টি হয়। রাস্তাঘাটও ছিল ফাঁকা।
প্রভাব পড়ে রেলেও। শুক্রবার সকালে হাওড়া থেকে পুরীগামী আপ বন্দে ভারত এক্সপ্রেস এবং পুরী থেকে হাওড়াগামী ডাউন বন্দে ভারত এক্সপ্রেস বাতিল করা হয়। ভোরের দিকে হাওড়া-আমতা শাখায় কয়েকটি লোকাল ট্রেনও বাতিল করা হয়েছিল। তবে হাওড়া স্টেশনের পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। লোকাল ট্রেনে যাত্রী সংখ্যা ছিল অন্যান্য দিনের তুলনায় কম। হাওড়া স্টেশন সংলগ্ন ফেরিঘাটেও যাত্রী সংখ্যা নেমে আসে স্বাভাবিকের প্রায় এক চতুর্থাংশে। বাস ও অন্যান্য যানবাহনেও যাত্রী কম ছিল। বৃষ্টির জলে কার্যত ডুবে গিয়েছে বেলুড় আন্ডারপাস। জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করছেন বহু মানুষ। জিটি রোডের সালকিয়া অংশেও জল জমে যান চলাচলে সমস্যা তৈরি হয়েছে। লিলুয়া বড়ো গেটের সামনেও একই ছবি। হাওড়া ময়দান চত্বর, জি টি রোড ও পঞ্চাননতলা রোডের বিভিন্ন অংশে কোথাও খানাখন্দ তৈরি হয়েছে, কোথাও সরে গিয়েছে কংক্রিটের ব্লক। পুরসভার পক্ষ থেকে জলমগ্ন এলাকাগুলিতে অতিরিক্ত পাম্প চালিয়ে জল বের করার ব্যবস্থা করা হচ্ছে। বৃষ্টির জেরে শুক্রবার সকালে লেকটাউন থানা সংলগ্ন রাস্তায় দু’টি গাড়ির উপর উপড়ে পড়ে আস্ত গাছ। যদিও কেউ হতাহত হননি। দু’টির মধ্যে একটি ট্যাক্সি এবং একটি প্রাইভেট গাড়ি। ট্যাক্সি চালক হাতে চোট পেয়েছেন। 
খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। তারপর ইলেকট্রিক কাটার দিয়ে গাছ সরানো হয়। টেকনোপলিস মোড়ে বৃহস্পতিবার প্রচুর জল জমে গিয়েছিল। যদিও এদিন জল জমেছিল অল্প। সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন রাজ্যের কয়েক হাজার হস্তশিল্পী। বৃহস্পতিবার নিউটাউন সেন্ট্রাল মলের সামনে সিটি স্কোয়্যার গ্রাউন্ডে বসেছে পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা। কাদায় ভরে গিয়েছে মাঠ। প্রথমদিন ক্রেতারা আসেননি। দ্বিতীয় দিনও মাটি হয়েছে মেলা।