নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন সাত পর্যটক। রবিবার বিকেলে বাঁশপাহাড়ি পুলিশ ফাঁড়ির ময়ূরঝর্ণার কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। পর্যটকরা প্রত্যেকেই কলকাতার বেহালার বাসিন্দা। দুর্ঘটনার পরেই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। জখম অবস্থায় প্রথমে তাঁদের উদ্ধার করে ওদোলচুয়ায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পিউ নস্কর ও তাঁর মেয়ে সাহীর আঘাত গুরুতর হওয়ায় দু’জনকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার বেহালা থেকে শনিবার সাত পর্যটকের একটি দল ট্রেনে ঝাড়গ্রামে বেড়াতে গিয়েছিলেন। সেখানকার একটি বেসরকারি অতিথিশালায় উঠেছিলেন তাঁরা। রবিবার বেলপাহাড়ির কাঁকড়াঝোড় হয়ে বাঁশপাহাড়ির দিকে যাওয়ার পথে ময়ূরঝর্ণার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। দুর্ঘটনায় জখম হন পর্যটকরা। বেহালার বাসিন্দা বংশী মালাকার বলেন, সবকিছু ঠিক ছিল। গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। জঙ্গলের মধ্যে আমরা এভাবে বিপদে পড়ব, ভাবতে পারিনি। তবে এখানকার পর্যটন ব্যবসায়ী এবং পুলিশ যেভাবে আমাদের পাশে দাঁড়াল, তাতে আমরা অত্যন্ত খুশি। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শিবাশীষ চট্টোপাধ্যায় বলেন, ‘দুর্ঘটনাগ্রস্ত পর্যটকদের দ্রুততার সঙ্গে চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি আমরা। পুলিশ ও প্রশাসনও অত্যন্ত সহযোগিতা করেছে।’



