নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পর্যটনের ফি মরশুমে প্রাণ হারাচ্ছেন ভ্রমণকারীরা। চলতি মরশুমেও মৃত্যু হয়েছে দুজনের। তাই রাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সান্দাকফু-ফালুট ভ্রমণকারীদের স্বাস্থ্য পরীক্ষা ও সুরক্ষা নিয়ে সাতদফা নির্দেশিকা জারি করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন মহলের কাছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) পাঠিয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) পর্যটন বিভাগ। জিটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন, ট্রেকিং ও টুর অপারেটর, গাইডসহ সকলকে ওই নির্দেশিকা বাধ্যতামূলকভাবে বাস্তবায়ন করতে হবে। তা নাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
রাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সান্দাকফুর উচ্চতা ১১ হাজার ৯৩০ ফুট। একদা শুধুমাত্র ট্রেকিং করতেই সেখানে যেতেন পর্বত আরোহীরা। বর্তমানে মাউন্ট এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা দর্শনের টানে সান্দাকফু-ফালুটে যাচ্ছেন পর্যটকরা। সেখানেই গত সেপ্টেম্বর মাসে তুফানগঞ্জের এক পর্যটক প্রাণ হারান। পুজোর মধ্যে কলকাতার এক পর্যটক মারা যান। বিগত বছরগুলিতেই সেখানে একাধিক পর্যটকের মৃত্যু হয়েছে। পর্বতশৃঙ্গের উচ্চতা ও পর্যটকদের শারীরিক সমস্যার কারণেই মৃত্যুর ঘটনাগুলি ঘটেছে বলে জিটিএর পর্যটন বিভাগ ও জেলা স্বাস্থ্যদপ্তরের ধারণা। তাই পর্যটকদের সুরক্ষায় স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত সাতদফা এসওপি জারি করা হয়েছে।
সেগুলির মধ্যে—(১) সান্দাকফু-ফালুটগামী পর্যটকদের মানেভঞ্জন উপ স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। প্রয়োজনীয় মেডিকেল স্ক্রিনিং ছাড়পত্র নিতে হবে। বিষয়টি টুর অপারেটর, গাইড এবং যানবাহন অপারেটরদের দেখতে হবে। (২) সমস্ত পর্যটককে ওই শৃঙ্গ ভ্রমণের ঝুঁকি, যেমন অ্যাকিউট মাউন্টেন সিকনেস (এএমএস) এবং অ্যাক্লিমাটাইজেশন, হাইড্রেশন এবং উপযুক্ত শারীরিক ফিটনেসের গুরুত্ব সম্পর্কে অবহিত করতে হবে। (৩) ট্রেকিং এজেন্সি, টুর অপারেটর এবং গাইডরা তাঁদের তত্ত্বাবধানে থাকা পর্যটকদের স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং চিকিৎসার জরুরি অবস্থার ক্ষেত্রে তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করতে দায়বদ্ধ থাকবেন। (৪) যাত্রা শুরুর আগে স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে ল্যান্ড রোভার অপারেটরদের। উচ্চতাজনিত অসুস্থতার লক্ষণের ব্যাপারে সতর্ক থাকতে হবে চালকদের। প্রয়োজনে তাৎক্ষণিক উদ্ধারের ব্যবস্থা করতে হবে। (৫) কোনো পর্যটকের মধ্যে যদি তীব্র মাথাব্যথা, বমি, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, হাঁটতে অসুবিধার মতো উপসর্গ দেখা দেয়, তা হলে উপরে ওঠা বন্ধ করতে হবে। দ্রুত নীচু এলাকায় নেমে আসতে হবে এবং নিতে হবে চিকিৎসা সহায়তা। (৬) সমস্ত ট্রেকিং গ্রুপ, গাইড এবং যানবাহন অপারেটরদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম বহন করা এবং নিকটতম চিকিৎসা এবং উদ্ধার পরিষেবার জরুরি যোগাযোগের তথ্য সঙ্গে রাখতে হবে। (৭) সংশ্লিষ্ট সমস্ত অ্যাসোসিয়েশনকে তাদের সদস্যদের মধ্যে সংযুক্ত এসওপি প্রচার করতে এবং অবিলম্বে কঠোর বাস্তবায়ন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হচ্ছে।



