নিজস্ব প্রতিনিধি, বরানগর: রাতের অন্ধকারে নিউ বারাকপুরের তৃণমূল নেতার বাড়িতে গিয়ে বিজেপি নেতার সেটিংয়ের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি কর্মীরা খড়দহ ৪ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক বঙ্কিম বিশ্বাসকে ঘিরে বিক্ষোভ দেখান। জামার কলার ধরে লেনিনগড় বাজার ঘোরানো হয়। পরে নিউ বারাকপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও পুলিশ তাঁকে অস্ত্র আইনের পুরানো মামলায় গ্রেপ্তার করে। বঙ্কিমবাবুর অনুগামীদের দাবি, তিনি কেসের জন্য দীর্ঘদিন এলাকার বাইরে ছিলেন। মেয়ের অসুস্থতার খবর পেয়ে শ্বশুরবাড়ি এসেছিলেন। সেই সময় বিরোধী গোষ্ঠীর লোকেরা তাঁকে মিথ্যে কেস দিয়েছে। সবমিলিয়ে বিজেপির আভ্যন্তরীণ কোন্দলে উত্তাল লেনিনগড়।
কিছুদিন আগে লেনিনগড়ের একটি ক্লাবে হামলা চালানোর অভিযোগ ওঠে বঙ্কিমবাবু ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। থানায় বঙ্কিমবাবু সহ দলবলের নামে অভিযোগ হয়। বঙ্কিমবাবু পলাতক ছিলেন। মঙ্গলবার রাতে লেনিনগড়ে তিনি ঢোকেন। তাঁর দাবি, তিনি মেয়ের অসুস্থতার জন্য এসেছেন। যদিও বাকি বিজেপি কর্মীদের দাবি, তিনি পিংকাই নামের এক তৃণমূল নেতার বাড়িতে এসেছিলেন। এরপর বঙ্কিমবাবুকে চ্যাংদোলা করে লেনিনগড় বাজারে তুলে নিয়ে যাওয়া হয়। রাস্তায় জামার কলার ধরে টেনে নিয়ে যাওয়া হয়। ভিডিয়ো লাইভ করা হয়। সেখানে বলা হয়, রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের সঙ্গে সেটিং মানছি না, মানব না। খবর পেয়ে নিউ বারাকপুর থানার পুলিশ বঙ্কিম বিশ্বাসকে উদ্ধার করে নিয়ে যায়। বঙ্কিমবাবুর বিরুদ্ধে পুরানো কেসের ওয়ারেন্ট ছিল। সেই কেসে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বঙ্কিমবাবুর অনুগামীদের দাবি, লেনিনগড়ে মদ, জুয়া ও গাঁজার ঠেক রমরমিয়ে চলছে। তার প্রতিবাদ করেছিলেন বঙ্কিমবাবু। তাই পরিকল্পিত ভাবে তাঁকে ফাঁসানো হচ্ছে। বিরোধী গোষ্ঠীর দাবি, এলাকায় সিসি ক্যামেরা রয়েছে। পিংকাইয়ের বাড়ির ক্যামেরাতেও ফুটেজ পাওয়া যাবে। আগে বঙ্কিমকে দল শো-কজ করেছিল।



