নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, কাকদ্বীপ, বসিরহাট: গঙ্গাসাগর মেলার প্রস্তুতি চলছিল জোর কদমে। সমুদ্র সৈকতকে তৈরি করতে ফেলা হয়েছিল বিপুল পরিমাণ মাটি। সেসব সমান করার কাজ চলছিল বিচের উপর। কিন্তু আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে প্রস্তুতি ধাক্কা খেয়েছে। মাটি ধুয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সমুদ্রতটকে মেলার উপযোগী করার জন্য যে কাজ করা প্রয়োজন ছিল, তা অনেকটা বাধাপ্রাপ্ত হল এই দুদিনের টানা বৃষ্টিতে। সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল বলেন, মাটি একটু হয়তো ধুয়ে যাবে। তবে যে এজেন্সি কাজ করছে, তারা পদক্ষেপ করছে যাতে মাটি সুরক্ষিত রাখা যায়।
এদিকে, প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুদিনের বৃষ্টিতে দক্ষিণ ২৪ পরগনায় পাঁচ হাজার হেক্টর জমিতে জল জমেছে। যদিও কৃষি আধিকারিকদের দাবি, দু-একদিনের মধ্যে আবহাওয়ার উন্নতি হলে সেই জল নেমে যাবে এবং বড়ো ক্ষয়ক্ষতি হবে না। বৃহস্পতিবারের পর শুক্রবারও কাকদ্বীপ সহ বেশ কিছু জায়গায় দেখা গিয়েছে, ধান গাছ মাটিতে শুয়ে পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই ধান পেকে গিয়েছে কিন্তু কাটা যায়নি। কিছু জায়গায় কাটা হলেও ধান মাঠেই রাখা ছিল। শীতের সবজির নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কৃষি অধিকারীদের বক্তব্য, জলে ডুবে না থাকলে আর আবহাওয়ার উন্নতি হলে ধান বা সবজি নষ্ট হবে না। ফলে কৃষক থেকে প্রশাসন সবাই এখন আবহাওয়ার উন্নতির দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু অনেক নিচু জায়গায় জল জমে রয়েছে। কতটা ক্ষতি হল সেটা দুদিন বাদেই বোঝা যাবে বলে মনে করছেন জেলা কৃষি বিভাগের কর্তারা। জেলার বৃষ্টিপাতের পরিমাণ সংক্রান্ত রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বাধিক বৃষ্টি হয়েছে সাগরে (৬৮.২০ এমএম)। এছাড়াও বিষ্ণুপুর মথুরাপুর গোসাবা এবং বারুইপুরে ৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
বৃষ্টির দাপটে বিপত্তি উত্তর ২৪ পরগনাতেও। হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি এলাকায় রায়মঙ্গল নদীর বাঁধে ধস নেমে আতঙ্কে বাসিন্দারা। বৃষ্টির জেরে মাটি নরম হয়ে শুক্রবার রায়মঙ্গল নদীর বাঁধ ধসে যায়। এলাকার মানুষ ছুটে এসে বাঁধ মেরামতির কাজে হাত লাগান। খবর দেওয়া হয় হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে। বাসিন্দাদের তৎপরতা ও আধিকারিকদের উদ্যোগে দ্রুত নদী বাঁধের কাজ শুরু হয়। হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায় বলেন, খবর পাওয়া মাত্রই দ্রুত কাজ শুরু হয়েছে। আতঙ্কিত হওয়ার কারণ নেই।



