নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার যাত্রীদের দুর্ভোগ। আজ রবিবার জরুরি মেরামতির কাজের জন্য সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। ফলে সমস্যায় পড়তে হবে একাধিক মেট্রো যাত্রীদের।
জানা গিয়েছে, গীতাঞ্জলি ও কবি নজরুল স্টেশনের মধ্যবর্তী অংশে জরুরি মেরামতির কাজ করা হবে। সেই জেরে এদিন একটা বড়ো সময় টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর প্রান্তিক স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যাহত হবে। মেরামতির কাজের জন্য থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে হবে। কিন্তু প্রত্যেক রবিবারের মতো এদিনও সকাল ৯টা থেকে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রো পরিষেবা চালু থাকবে। ফলে ওই অংশের যাত্রীদের জন্য সম্পূর্ণ পরিষেবা বন্ধ থাকছে না। মেরামতির কাজ শেষ হওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে গোটা নর্থ-সাউথ মেট্রো করিডরে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।