নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফৌজদারি মামলায় বাজেয়াপ্ত হওয়া গাড়ি ফেরত পেতে দিতে হবে ১০ হাজার টাকা। সেই ঘুষের টাকা নিতে গিয়ে রাজ্য দুর্নীতি দমন শাখার (এসিবি) হাতে গ্রেপ্তার হলেন এন্টালি থানায় কর্তব্যরত এক সার্জেন্ট। সোমবার তাঁকে হাতেনাতে পাকড়াও করা হয়। টাকা চেয়েছেন, এই তথ্যপ্রমাণ হাতে আসার পরই এসিবি’র তরফে ফাঁদ পাতা হয়। এর আগেও তিনি এভাবে টাকা তুলেছেন কি না, জানতে সার্জেন্টের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখবেন তদন্তকারীরা। অন্যদিকে মিউটেশন সংক্রান্ত কাজ এগিয়ে দেবার জন্য ঘুষ নেওয়ার সময় কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগের এক ইনস্পেক্টর ও এক ‘দালাল’কে এদিন গ্রেপ্তার করেছে এসিবি।
পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি দুর্নীতি দমন শাখাকে সক্রিয় করেছেন । নবান্নের স্পষ্ট নির্দেশ, সরকারি কর্মচারী কাজের বিনিময়ে ঘুষ চাইলে কড়া পদক্ষেপ করবে সরকার। রাজ্যজুড়ে এসিবি’র সেই অভিযান চলছে। এবার খোদ কলকাতা পুলিশের এক সার্জেন্টই ধরা পড়লেন এসিবির জালে। এসিবি সূত্রে খবর,অক্টোবর মাসের ২৬ তারিখ এন্টালি থানা এলাকার মতিঝিলে একটি গাড়িতে বসে মদ্যপান করছিলেন চারজন তরুণ। গাড়ির মালিকও তারমধ্যে ছিলেন। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সময় এলাকায় পেট্রলিং করছিলেন বিকাশ মজুমদার নামে এক সার্জেন্ট। গাড়িতে বসে এভাবে মদ্যপান করা যাবে না বললে, ওই চার তরুণ তাঁর সঙ্গে তর্ক জুড়ে দেন। অভিযোগ সার্জেন্ট ও তাঁর সঙ্গে থাকা পুলিশ কর্মীদের মারধর করে ওই তরুণরা। এরপর গাড়ি সহ চারজনকে থানায় নিয়ে আসে পুলিশ। তাঁদের গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত করা হয় ওই গাড়িটি। সপ্তাহখানেক আগে ওই চার তরুণ জামিন পান আদালত থেকে। এরপর মালিক গাড়ি ফেরত নেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হন। আদালতের কপি নিয়ে তিনি থানায় যান। অভিযোগ, ওই সার্জেন্ট জানান, টাকা না দিলে বাজেয়াপ্ত করা গাড়ি ছাড়া হবে না। গাড়ি পেতে কুড়ি হাজার টাকা ওই সার্জেন্ট দাবি করেন বলে অভিযোগ। মালিক প্রথমে টাকা দিতে চাননি। শেষ পর্যন্ত ১০ হাজার টাকায় বিষয়টি রফা হয়। এরপরই ওই গাড়ির মালিক এসিবির দ্বারস্থ হন। ওই সার্জেন্ট ফোন করে টাকা চেয়েছেন, তার প্রমাণ পায় এসিবি। অভিযোগকারীকে দিয়ে সোমবার ফাঁদ পাতেন এসিবির অফিসাররা। টাকা দেবেন বলে এন্টালি থানায় আসেন অভিযোগকারী। তাঁকে থানার পিছনে ব্যারাকে আসতে বলা হয়। এসিবির অফিসাররা আশেপাশে ছড়িয়ে ছিলেন। অভিযোগকারী দশ হাজার টাকা দেওয়ার সময় ওই সার্জেন্টকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ২০১৫ ব্যাচের এই সার্জেন্টের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হবে। সেখান থেকে তদন্তকারীরা জানার চেষ্টা করবেন নগদ জমা পড়েছে কি না। পাশাপাশি আয়কর রির্টানের নথি খতিয়ে দেখে বিগত পাঁচ বছরে তাঁর সম্পত্তি বেড়েছে কি না, সেটাও বিশ্লেষণ করবেন তাঁরা। মূলত আয় বহির্ভুত সম্পত্তির বিষয়টি খতিয়ে দেখাই এসিবির উদ্দেশ্য।
অন্যদিকে কলকাতা পুরসভার তিন নম্বর ওয়ার্ডে একটি বাড়ির মিউটেশন প্রক্রিয়া দ্রুত করা হবে বলে দমদমের বীরপাড়ার এক বাসিন্দার কাছ থেকে কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগের এক ইনস্পেক্টর ঘুষ চান বলে অভিযোগ। মধ্যস্থতাকারীর মাধ্যমে চাওয়া হয়েছিল ৪৫০০ টাকা। এরপরই ওই ব্যক্তি এসিবির কাছে অভিযোগ করেন। ফাঁদ পেতে সোমবারই ওই অ্যাসেসমেন্ট বিভাগের ইনস্পেক্টর সপেক্টর ও মধ্যস্থতাকারীকে গ্রেপ্তার করে এসিবি।



