Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাইবার ক্রাইমে অভিযুক্ত দলকে গ্রেপ্তার করল শ্রীরামপুর পুলিস

দেশব্যাপী সাইবার ক্রাইমে অভিযুক্ত একটি দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করল শ্রীরামপুর থানার পুলিস।

সাইবার ক্রাইমে অভিযুক্ত দলকে গ্রেপ্তার করল শ্রীরামপুর পুলিস
  • ২০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দেশব্যাপী সাইবার ক্রাইমে অভিযুক্ত একটি দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করল শ্রীরামপুর থানার পুলিস। এছাড়া একজন গাড়ি চালককেও পুলিস গ্রেপ্তার করেছে। ধৃতদের সোমবার আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিস। ওই ঘটনায় চন্দননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানার সাহায্যও ইতিমধ্যেই চেয়েছেন শ্রীরামপুরের পুলিস কর্তারা। ধৃত ছ’জনের মধ্যে চারজন তামিলনাড়ুর বাসিন্দা। একজন রিষড়া ও একজন নদীয়ার বাসিন্দা। গাড়ির চালক কলকাতার পার্কসার্কাসের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে একটি ল্যাপটপ ও একটি ট্যাব পাওয়া গিয়েছে। ধৃতদের মোবাইল ফোন যাচাই করে সাইবার ক্রাইমের তথ্য পাওয়া গিয়েছে। পুলিসের একটি সূত্রে জানা গিয়েছে, মূলত বিভিন্ন অ্যাপ ডাউনলোড করা, শেয়ারে টাকা ইনভেস্ট করা সহ নানা কায়দায় ওই দলটি সাইবার অপরাধ করেছে। দেশব্যাপী একাধিক সাইবার অপরাধের সঙ্গে ধৃতদের যোগ প্রাথমিকভাবে পাওয়া গিয়েছে। কিছুটা কাকতালীয়ভাবেই ওই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে দলটি একটি গাড়ি নিয়ে শ্রীরামপুরের কলেজ ঘাটের কাছে ইতস্ততভাবে ঘোরাঘুরি করছিল। তখনই পুলিসের সন্দেহ হয়। পুলিস গাড়ি তল্লাশি করে এবং সাইবার অপরাধের সঙ্গে ওই যুবকদের যোগসূত্র পায়। এরপরেই তাদের গ্রেপ্তার করা হয়। চন্দননগর কমিশনারেটের সাইবার থানার পুলিস জানিয়েছে, সাইবার অপরাধের সঙ্গে ধৃতের যোগ মিললেও সবটাই খুব প্রাথমিক স্তরে আছে। শ্রীরামপুর থানায় সমস্ত অভিযোগ হয়েছে। আমরা ওই তদন্তে সাহায্য করব। এদিকে, চন্দনগরের একটি বাড়ি থেকে তিনজন ভাড়াটে গ্রেপ্তার করেছে চন্দননগর কমিশনারেটের পুলিস। ধৃতদের কাছ থেকে তিনটি ব্যাগ বোঝাই মোবাইল ফোন পাওয়া গিয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ