নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ স্টেশন দিয়ে গড়ে প্রতিদিন প্রায় ১২ লক্ষ যাত্রী যাতায়াত করেন। এই বিরাট সংখ্যক যাত্রীকে সুশৃঙ্খলভাবে স্টেশনে ঢোকা ও বেরনো নিশ্চিত করতে অভিনব পরিকল্পনা করেছে রেল। বিভিন্ন ধরনের গণপরিবহণ, ব্যক্তিগত গাড়ি সহ হাজারো যান স্টেশনের বাইরে পার্কিং এলাকায় কার্যত ছেয়ে থাকে। যার জেরে সাধারণ মানুষের চলাফেরা ব্যাহত হয়। একই সঙ্গে সুনির্দিষ্ট কোনও নিয়ম না থাকায় শয়ে শয়ে গাড়ি দিকভ্রান্তের মতো ঘুরতে থাকে। ফলে লোকাল কিংবা দূরপাল্লার ট্রেন ধরতে আসা কিংবা দূরদূরান্ত থেকে শিয়ালদহে নামা যাত্রীদের গাড়ি পেতে কালঘাম ছুটে যায়। দীর্ঘদিনের এই যন্ত্রণা নিরাময়ে সক্রিয় হল শিয়ালদহ ডিভিশন। গাড়ির যানজট কাটাতে এবার শিলায়দহ স্টেশনের পাকিং লটে শুরু হচ্ছে সুসংহত গাড়ি নিয়ন্ত্রণ (ঢোকা-বেরনো) ব্যবস্থা। যার মাধ্যমে বিভিন্ন ধরনের গাড়ির জন্য নির্দিষ্ট লেন তৈরি হয়েছে। সেখান দিয়েই গাড়ি ঢুকবে ও বেরবে।



