সংবাদদাতা, বোলপুর: হঠাৎ স্ট্রং রুমের অ্যালার্ম বেজে ওঠায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বোলপুর কলেজ চত্বরে। বুধবার রাতে এই ঘটনাটি ঘটে। তড়িঘড়ি ছুটে আসেন পুলিশ ও প্রশাসনের কর্তারা। ঘটনাস্থলে পৌঁছন প্রার্থীরাও। যদিও পরে প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোনোরকম অগ্নিকাণ্ড বা নিরাপত্তা বিঘ্নের ঘটনা ঘটেনি, সবকিছুই স্বাভাবিক ও সুরক্ষিত রয়েছে।
জানা গিয়েছে, প্রথম দফায় বীরভূম জেলায় ভোটগ্রহণের পর বোলপুর কলেজের স্ট্রং রুমে কড়া নিরাপত্তার মধ্যে ইভিএমগুলি রাখা হয়েছে। আগামী ৪ মে এখানেই বোলপুর, নানুর এবং লাভপুর এই তিনটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে। সেই কারণে স্ট্রং রুম ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ যৌথভাবে নিরাপত্তার দায়িত্বে রয়েছে।
এদিন সন্ধ্যার পর থেকেই জেলার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি শুরু হয়। সেই সময় হঠাৎ করেই স্ট্রং রুম সংলগ্ন অ্যালার্ম বেজে ওঠে। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছে যান বোলপুরের মহকুমা শাসক, কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ এবং দমকলের কর্মীরা। সেই সঙ্গে ছুটে আসেন প্রার্থী ও দলীয় কর্মী সমর্থকরাও। দীর্ঘক্ষণ ধরে স্ট্রং রুম চত্বর খতিয়ে দেখেন প্রশাসনের আধিকারিকরা। পুলিশের প্রাথমিক অনুমান, স্ট্রং রুমের কাছাকাছি বজ্রপাতের জেরে অ্যালার্ম সিস্টেম সক্রিয় হয়ে ওঠে। তার ফলেই সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
এদিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে নানুরের বিজেপি প্রার্থী খোকন দাস জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত সেখানে পৌঁছাই। তবে জানা গিয়েছে, প্রবল ঝড়বৃষ্টির জেরে স্ট্রং রুমের অ্যালার্ম বেজে উঠেছিল। তবে আমরা পরিদর্শন করেছি, সবকিছু স্বাভাবিক রয়েছে। বোলপুরের মহকুমা শাসক অনিমেষকান্তি মান্না বলেন, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে বিদ্যুৎ সংক্রান্ত সমস্ত ব্যবস্থাই খতিয়ে দেখা হয়েছে। কোথাও আগুন লাগার কোনও ঘটনা ঘটেনি। স্ট্রং রুম সম্পূর্ণ নিরাপদ রয়েছে। অ্যালার্মের সঙ্গে স্ট্রং রুমের সরাসরি কোনো সম্পর্ক নেই।
এই ঘটনায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এমনকী নিরাপত্তা নিয়ে সব ধরনের আশঙ্কা দূর হয়।