মুম্বই: ভারতীয় শেয়ার বাজারে দীপাবলির আলোর রোশনাই। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে স্বস্তি। তার সঙ্গে মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয় হাসি ফেরাল বিনিয়োগকারীদের মুখে। বৃহস্পতিবার বড়োসড়ো লাফ দিল ভারতের শেয়ার বাজার। এক ধাক্কায় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স উঠল ২০০৮.৬১ পয়েন্ট। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫৭৬ পয়েন্ট বাড়ল। এনিয়ে টানা ছ’দিন চাঙ্গা শেয়ার বাজার। এদিন সকালে বাজার খুলতেই ১৪০০ পয়েন্টের লম্বা লাফ দেখা যায় সেনসেক্সে। তেমনি ৪০০ পয়েন্ট বাড়ে নিফটিতেও। দিনের একটা সময় ২১৬৮.৬৩ অঙ্ক বা ২.৮০ শতাংশ বেড়ে সূচক ৭৯,৪৭০.০৩ পয়েন্ট ছুঁয়ে ফেলে। দিনের শেষে সেনসেক্স ২০০৮.৬১ অঙ্ক বা ২.৬০ শতাংশ বেড়ে ৭৯৩১০.০১ পয়েন্টে গিয়ে বন্ধ হয়েছে। অপরদিকে নিফটি থেমেছে ২৪,৫৩৬.৬০ পয়েন্টে।



