এবার পর্যটনের ওয়েবসাইটেই হোম স্টে বুকিংয়ের পরিকল্পনা, পোর্টালে রেজিস্ট্রেশনের সূচনা
  • ৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ডিজিটাল তথ্য, নির্ভরযোগ্য পরিষেবাসহ একগুচ্ছ সুবিধার জন্য বৃহস্পতিবার হোম স্টের পোর্টালের সূচনা করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। প্রত্যন্ত গ্রামের পাশাপাশি, যাঁরা কলকাতাসহ রাজ্যের শহরেও হোম স্টে খুলতে চান তাঁরা ওই পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। যাঁরা ইতিমধ্যেই হোম স্টে খুলেছেন, কিন্তু, পোর্টালে রেজিস্ট্রেশন নেই, তাঁদেরও আবেদন করার আহ্বান করেছে পর্যটন দপ্তর। পর্যটন মন্ত্রী জানিয়েছেন, আগামীদিনে পর্যটনের ওয়েবসাইটের মাধ্যমে পোর্টালে নথিভুক্ত হোম স্টেগুলিও বুকিংয়ের সুবিধা করা হবে। ফলে, লক্ষ লক্ষ পর্যটক উপকৃত হবেন। সল্টলেকের উদয়াচলে ওই হোম স্টে পোর্টালের সূচনা হয়। সেখানে পর্যটন মন্ত্রী ছাড়াও দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণমা চক্রবর্তী, দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব বরুণকুমার রায় এবং পর্যটন দপ্তরের ডিরেক্টর তথা ডব্লুবিটিডিসিএলের ম্যানেজিং ডিরেক্টর সুমন্ত সহায় উপস্থিত ছিলেন। দপ্তর সূত্রে জানা গিয়েছে,

Advertisement

নতুন হোম স্টে খুললে ১ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যাবে। মহিলা পরিচালিত হলে আরও ৫০ হাজার অতিরিক্ত। অগ্নিসুরক্ষা, খাদ্য সুরক্ষা, স্বাস্থ্য‌঩বিধি থাকতে হবে। 
পর্যটনমন্ত্রী জানিয়েছেন, ওই পোর্টালে গিয়ে রেজিস্টেশন করতে হবে। তারপর ভেরিকেশন হবে। সব ঠিকঠাক থাকলে সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেট রুমে ঝোলানো থাকবে। পর্যটকরা দেখতে পাবেন, সরকারি নথিভুক্ত কি না। পরিষেবাসহ বিভিন্ন বিধি মেনে চলার জন্য পরে জেলাভিত্তিক প্রশিক্ষণেরও ব্যবস্থা করে দেওয়া হবে। হোম স্টে যেখানে তৈরি করা হবে, সেখানে মালিককে থাকতেই হবে। পাহাড় থেকে সমতল। পশ্চিমবঙ্গে হোম স্টের সংখ্যা প্রায় ৫,৪৭৯। তার মধ্যে ২,৬৭৯টি নথিভুক্ত আছে। আমরা চাই, যাঁরা হোম স্টে চালাচ্ছেন, তাঁরাও আবেদন করেন। যাঁচাইয়ের পর কেউ যদি অনুমোদিত না-হয়, তাহলে তাঁরা হোম স্টে শব্দটি লিখতে পারবেন না।
মন্ত্রী আরও বলেন, পর্যটনের যে ওয়েবসাইটটি আছে, তা অনেক সময় ভালো করে কাজ করে না। তাই নতুন ওয়েবসাইট তৈরি হচ্ছে। আগামীদিনে আমরা পর্যটনের ওয়েবসাইটের সঙ্গে হোম স্টে বুকিংয়েরও একটি পরিকল্পনা করব। পর্যটনের উপর আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। একটি পাঁচতারা হোটেল গ্রুপ এরাজ্যে নতুন ১১-১২টি হোটেল করতে চাইছে। তার মধ্যে ৮টি হবে উত্তরবঙ্গে। দার্জিলিংসহ রাজ্যে রোপওয়ের কাজের প্রস্তুতি চলছে। আমার দপ্তরের প্রাক্তন মন্ত্রী দুর্নীতির অভিযোগে জেলে গিয়েছেন, এটা লজ্জার। এই দপ্তরেও অনেক দুর্নীতি হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলছি না।  ফাইল চিত্র