সংবাদদাতা, উলুবেড়িয়া: এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল আমতা থানার গাজিপুরে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম পিউ সাউ (২৩)। মৃতার পরিবারের অভিযোগ, তাঁর শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পনা করেই খুন করেছে পিউকে। এই ঘটনায় স্বামী রবীন সাউ সহ আটজনের বিরুদ্ধে আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ রবীন সাউ, ভাশুর সঞ্জয় সাউ, ননদ অঞ্জলি সাউ এবং বিয়ের ব্যবস্থা করেছিলেন যিনি, সেই ঘটক সঞ্জিত কোলেকে গ্রেপ্তার করেছে। শ্বশুরবাড়ির লোকজন আত্মঘাতী হওয়ার কথা জানালেও মৃতার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, পিউকে খুন করা হয়েছে। তার ভিত্তিতে পুলিশ খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের পর এদিন রাতে মৃতদেহ গ্রামে নিয়ে আসা হলে বাসিন্দারা ক্ষোভে রাস্তা অবরোধ করেন। পরে পুলিশি হস্তক্ষেপে বিষয়টি মিটে যায়।
বছর পাঁচেক আগে রবীনের সঙ্গে পিউয়ের বিয়ে হয়। তাঁদের চার বছরের এক কন্যা সন্তান রয়েছে। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই পিউয়ের শ্বশুরবাড়ির লোকজন তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। কন্যা সন্তান হওয়ার পর পিউয়ের উপর অত্যাচারের মাত্রা আরও বৃদ্ধি পায়। তাঁদের অভিযোগ, গত দু’মাসে অশান্তি চরমে উঠেছিল। অত্যাচার সহ্য করতে না পেরে পিউ বাপের বাড়িতে চলে এসেছিলেন। সমস্যার সমাধানের জন্য শ্বশুরবাড়িতে ফোন করা হলেও তাঁরা কেউ আসেননি। শনিবার এই নিয়ে একটা মীমাংসা বৈঠক হওয়ার কথা ছিল। সেইমত পিউকে বুঝিয়ে আমরা শ্বশুরবাড়িতে পাঠিয়েছিলাম। রাতে তিনি ফোন করে বলেছিলেন, মেয়েকে নিয়ে শুয়ে পড়েছেন।
রাত ১১টা নাগাদ শ্বশুরবাড়ির প্রতিবেশীরা আমাদের ফোন করে জানান, পিউয়ের শরীর খারাপ। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর আমরা আমতা গ্রামীণ হাসপাতালে গেলে পিউকে মৃত অবস্থায় দেখতে পাই।
মৃতার পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন ওকে খুন করেছে। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ক্ষুব্ধ গ্রামবাসী ও মৃতার পরিজনরা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করে বলেও অভিযোগ। পরে আমতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



