Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বেলজিয়ামকে কড়া টক্কর দিতে প্রস্তুত সেনেগাল

বেলজিয়াম ও সেনেগালের মধ্যে আজ রাতের ম্যাচে উত্তেজনা। সেনেগাল লড়াকু ফুটবল প্রদর্শন করেছে, বেলজিয়ামের জন্য চ্যালেঞ্জ। বিস্তারিত পড়ুন।

বেলজিয়ামকে কড়া টক্কর দিতে প্রস্তুত সেনেগাল
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সিয়াটেল: ইডেন হ্যাজার্ডের নেতৃত্বে ২০১৮ বিশ্বকাপ কাঁপিয়ে দিয়েছিল বেলজিয়াম। ডার্ক চকোলেটের দেশের সোনালি প্রজন্ম প্রতিযোগিতা শেষ করেছিল তৃতীয় স্থানে। তবে তাদের নিয়ে তৈরি হওয়া প্রত্যাশার ফানুস চুপসে যায় ২০২২ কাপযুদ্ধেই। কাতারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা। চলতি আসরে প্রথম পর্বেও তেমন আহামরি ছাপ ছাড়তে ব্যর্থ রুডি গার্সিয়া ব্রিগেড। তবু দু’টি ড্র ও একটি জয়ের সুবাদে গ্রুপ জি’র শীর্ষ দল হয়ে নক-আউটে পা রেখেছে ‘দ্য রেড ডেভিলস’। বুধবার ভারতীয় সময় মধ্যরাতে রাউন্ড অব ৩২-এ বেলজিয়ামের প্রতিপক্ষ সেনেগাল। চলতি আসরের সব ম্যাচেই লড়াকু ফুটবল মেলে ধরেছে আফ্রিকার দেশটি। তাই শেষ ষোলোর টিকিট পাকা করতে হলে মাথার ঘাম পায়ে ফেলতে হবে কেভিন ডি’ব্রুইনদের। বেলজিয়াম দলে চোট-আঘাতের সমস্যা নেই। তবে প্রথম দু’ম্যাচে মিশর ও ইরানের বিরুদ্ধে ড্রয়ের ফলে বেলজিয়ামের আপফ্রন্ট নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ গোলের মালা পরিয়ে প্রত্যাশিত জবাব দিয়েছেন রোমেলু লুকাকুরা। দীর্ঘদেহী স্ট্রাইকার ছাড়াও ডি’ব্রুইন, লিসান্দ্রো ট্রোসার্ডদের লক্ষ্যভেদ নক-আউটের আগে আত্মবিশ্বাস বাড়াচ্ছে, যা চিন্তার কারণ হতে পারে সেনেগালের কাছে। কারণ গ্রুপের সব ম্যাচেই গোল হজম করেছে তারা।  তার উপর দলের একনম্বর গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডি নরওয়ে ম্যাচে চোট পেয়েছিলেন। ফলে তাঁর মাঠে নামা নিয়ে সংশয় রয়েছে। তবে ইরাকের বিরুদ্ধে ৫ গোলের বড় জয় সাদিও মানেদের বাড়তি অক্সিজেন জোগাচ্ছে। সঙ্গে রয়েছে তাদের লড়াকু মানসিকতা। ফলে গ্রুপ পর্বের ফল দিয়ে সেনেগালকে মাপতে গেলে বড় ভুল করবে বেলজিয়াম। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ