নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দুর্গাপুজোয় সেলফি তোলার হিড়িক আছেই। সেলফির জনপ্রিয়তার কারণে মণ্ডপে তৈরি হওয়া শুরু হয় সেলফি জোন। ২০২৫ সালে এই সেলফি জোনই অন্যতম মুখ্যচরিত্র হয়ে উঠেছে শারদোৎসবে। হুগলিতে অন্তত তেমনই ইঙ্গিত। সেলফি জোন তৈরির জন্য আলাদা পরিকল্পনা করছে বহু উদ্যোক্তা। থাকছে আলাদা থিম। শুধু নিয়মরক্ষার মতো একটি জোন তৈরি করা হচ্ছে না। একাধিক জোন তৈরি হচ্ছে। গত পুজোতে একটি জোন বানিয়েছিল যে পুজো কমিটি তারাই এবার সংখ্যা বাড়িয়ে একাধিক তৈরি করছে। আলাদা টাকাও বরাদ্দ করেছে।
বিষয়টি নিয়ে নাগরিকদের মধ্যেও চলছে চর্চা। তাতে রয়েছে ইতিবাচক, নেতিবাচক দুটো মতই। উদ্যোক্তারা বলছেন, মিলনের উৎসবে কিছুই বাদ দেওয়ার নয়। ২০২৪ সালে নিজেদের ক্লাবের পুজোয় সেলফি জোন তৈরি করেছিল বৈদ্যবাটির ঐকতান ক্লাব। প্রথমবার তাদের পুজো নার্সারি রোড সর্বজনীনে দেখা গিয়েছিল নতুন প্রজন্মের আগ্রহের কেন্দ্রবিন্দু সেলফি জোন। এবার এ পুজো তিনটি সেলফি জোন করছে। মণ্ডপ থেকে বের হওয়ার দরজার দু’পাশে দু’টি। আর একটি মণ্ডপের একটি বিশেষ অংশে তৈরি হচ্ছে। ক্লাবের অন্যতম উদ্যোক্তা রঞ্জন চট্টোপাধ্যায় বলেন, পুজো মরশুমে আয়োজনের বাহুল্য থাকাটা স্বাভাবিক। নবীন প্রজন্ম যে কোনও উৎসবের মূল উপভোক্তা। তারাই সেলফিতে মজে। ফলে সেলফি জোন তৈরির জোরালো দাবি এখন। গত পুজোতে আমরা বিপুল সাড়া পেয়েছি। তাই এবার জোনের সংখ্যা বাড়ানো হয়েছে। চুঁচুড়ার বাবুগঞ্জ সর্বজনীন এবার প্রথম তৈরি করছে সেলফি জোন। থিমের মণ্ডপে এক বা দু’টি নয় একসঙ্গে পাঁচটি সেলফি জোন করছে তারা। প্রত্যেকটির জন্য পৃথক থিম। পুজোর কর্মকর্তা এবং চুঁচুড়া পুরসভার কাউন্সিলার জয়দেব অধিকারী বলেন, পুজোর মূল আনন্দ তো ছোটদের। তারা সেলফি নিয়ে আবেগপ্রবণ। বাঙালির আবেগের পুজোতে তাই আমরা বাড়তি আবেগ জুড়তে চেয়েছি। আমাদের পুজোকে ব্যাপক ভিড় হয়। তাই পাঁচটি সেলফি জোন করা হচ্ছে। যাতে সকলেই সেলফি নেওয়ার সুযোগ পায়। মণ্ডপসজ্জা ও প্রতিমা নিয়ে পরিকল্পনার পাশাপাশি, সেলফি জোন নিয়েও এবার বিশেষ পরিকল্পনা করে ময়দানে নামা হয়েছে। বিষয়টি সমকালীন বলে মনে করেন শ্রীরামপুরের সংস্কৃতিকর্মী সমীর সাহা। তিনি বলেন, উৎসব হোক বা সংস্কৃতি তাতে সমকালের প্রভাব থাকেই। বর্তমান সময় নেট নাগরিকদের কব্জায়। তাই পুজো মহল্লায় তাঁদের আকর্ষণ করার দায় পুজো উদ্যোক্তাদের থাকেই। বাঙালির শারদীয়ায় সময়ের সঙ্গে অনেক কিছুই জুড়েছে। পুরনো পুজোতে লেগেছে আধুনিকতার উতল হাওয়া। সেই প্রবাহের পথে নবীন এবং জনপ্রিয় সংযোজন হল সেলফি জোন।