Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্জ্য ব্যবস্থাপনায় এবার ‘স্যানিটেশন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ স্বনির্ভর গোষ্ঠীকে

স্বনির্ভর গোষ্ঠীগুলোকে আর্থিক স্বাধীনতা দেওয়ার টার্গেট নিয়ে এগচ্ছে প্রশাসন। তার জন্য বছরভর চলে নানা কার্যক্রম

বর্জ্য ব্যবস্থাপনায় এবার ‘স্যানিটেশন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ স্বনির্ভর গোষ্ঠীকে
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: স্বনির্ভর গোষ্ঠীগুলোকে আর্থিক স্বাধীনতা দেওয়ার টার্গেট নিয়ে এগচ্ছে প্রশাসন। তার জন্য বছরভর চলে নানা কার্যক্রম। এর ফলও মিলেছে হাতেনাতে। মঙ্গলবার কলকাতায়  রাজ্যের ‘স্যানিটেশন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেলেন উত্তর দিনাজপুর জেলার কমলাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এজন্য রাজ্যস্তর থেকে প্রশংসাও পেয়েছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। 

Advertisement

জানা গিয়েছে, এক্ষেত্রেও বিশেষভাবে শংসাপত্র পেয়েছেন ইউনিটের সদস্যা মাফুজা খাতুন ও কমলাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক রবি শঙ্কর রায়। যার জন্য বুধবার জেলা প্রশাসনের তরফে এবং কমলাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সংশ্লিষ্ট গোষ্ঠীর ১৫ জন মহিলা সদস্য ও ওই নির্মাণ সহায়ককে দেওয়া হয় সংবর্ধনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমাশাসক কিংশুক মাইতি, জেলার নোডাল আধিকারিক ফূর্বা শেরপা সহ অন্যরা। জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনাও ওই মহিলা ইউনিটের লাগাতার সাফাই কাজের প্রশংসা করেন। প্রশাসন সূত্রে খবর, সাতবছর ধরে ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ চলছে। সরকারিভাবে পাওয়া ই-কার্ট নিয়ে সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকায় ইউনিটটির ১৫ জন মহিলা বাড়ি বাড়ি থেকে জঞ্জাল সংগ্রহের কাজ করেন। সংগৃহীত জঞ্জাল থেকে ইউনিটে প্লাস্টিক বর্জ্য পৃথক করে বিকল্প কাজে ব্যবহার করা হয়। সেইসঙ্গে পচনশীল বর্জ্য থেকে জৈব সার তৈরি করা হয়। আর এই গোটা ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে চলতে থাকার জন্যই রাজ্যস্তর থেকে এই সম্মান পেল স্বনির্ভর গোষ্ঠীটি। মহকুমা শাসক কিংশুক মাইতি বলেন, রাজ্য থেকে এই  সম্মান মেলায় আমাদের কাছে নতুন চ্যালেঞ্জ কমলাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতকে আরও পরিচ্ছন্ন রাখার। সেইসঙ্গে প্লাস্টিক মুক্ত করে তোলা। এখানে আরও বেশি করে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার কাজ করানো হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ