Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিধানসভা ভোটের আগে সব কমিটিতে ঝাড়াই বাছাই: সুভাষ

বিধানসভা ভোটের আগে সব কমিটিতে ঝাড়াই বাছাই: সুভাষ
  • ১৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, গঙ্গারামপুর: বিধানসভা ভোটকে সামনে রেখে জেলার ব্লক থেকে অঞ্চল, সব কমিটিতে ঝাড়াই বাছাইয়ে নামবে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব। গত লোকসভা নির্বাচন থেকে শিক্ষা নিয়ে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করানোটাই টার্গেট জেলা তৃণমূল নেতৃত্বের। 

Advertisement

জেলার যেসব ব্লক, অঞ্চল, বুথে  তৃণমূলের ফল খারাপ হয়েছে সেই  জায়গাতে পরিবর্তন আনতে চলেছেন জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। তবে কোন কোন ব্লক সভাপতিকে সরতে হবে তা প্রকাশ্যে জানাননি পুনরায় দায়িত্ব পাওয়া সুভাষ। দলীয় সূত্রে খবর, পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণার পরই পর্যায়ক্রমে ব্লক, অঞ্চল ও বুথ স্তরে রদবদলের ইঙ্গিত রয়েছে। ফের দায়িত্ব পেয়ে রাজ্য নেতৃত্বদের সঙ্গে বৈঠকে কলকাতার উদ্দেশে যাচ্ছেন জেলা সভাপতি সুভাষ। সেখান থেকে ফিরে এসে রাজ্যের নির্দেশ অনুযায়ী দলে ঝাড়াই বাছাইয়ের কাজে হাত দেবেন জেলা সভাপতি।
এবারে জেলা কমিটি আর দীর্ঘ নয়, সে কথাও স্পষ্ট করেছেন সুভাষ। শুধুমাত্র সংগঠনে রদবদলে থেমে থাকবে না দল। জেলায় দলের জনপ্রতিনিধিদেরও এবারে লাগাম ধরে রাখা হবে। সুভাষ সংগঠনের একাধিক মিটিংয়ে জেলার জনপ্রতিনিধিদের নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, সদস্য ও জেলা পরিষদের সদস্যরা উপস্থিত হন না দলের কর্মসূচিতে। এবারে দলীয় কর্মসূচি, মিটিং মিছিলে অনুপস্থিত থাকলেই জনপ্রতিনিধিদের নামে তালিকা তৈরি করে পাঠানো হবে রাজ্যে। জেলা সভাপতি সুভাষ বলেন, লোকসভা নির্বাচন থেকে শিক্ষা নিয়ে বেশ কিছু ব্লক ও বুথে রদবদল করতে হবে। রাজ্যের নির্দেশ নিয়েই এগবো। জেলাতেও স্বচ্ছ একনিষ্ঠ কর্মীদের তুলে আনা হবে। সংগঠনকে ঢেলে সাজিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নেব। জেলার জনপ্রতিনিধিদের এবার দলীয় নির্দেশ মানতে হবে।
এবিষয়ে দলের রাজ্য সাধারণ সম্পাদক গৌতম দাস বলেন, প্রয়োজন হলে দায়িত্বপ্রাপ্তরা ঝাড়াই বাছাই করবেন। কিন্তু কোন কর্মী কোন নেতার কথা শুনবেন, তা ভেবে যদি বাছাই হয়, তাহলে দলের ক্ষতি হতে পারে বলে আমি মনে করি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ