Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্ল্যাকবোর্ড

ফিরে দেখা নবাব সিরাজউদ্দৌলাকে

ঝিরঝিরে বৃষ্টি সবে থেমেছে। প্যাচপ্যাচে গরমে আষাঢ়ের শহরের গন্ধটা খুব চেনা। তবে গোর্কি সদনের ভিতরে পা রাখলে সেই গন্ধ আর মেজাজে মিশে যায় নবাবিয়ানার আমেজ। পাওয়া যায় পলাশীর মাটির গন্ধ।

ফিরে দেখা নবাব সিরাজউদ্দৌলাকে
  • ৩০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

 ঝিরঝিরে বৃষ্টি সবে থেমেছে। প্যাচপ্যাচে গরমে আষাঢ়ের শহরের গন্ধটা খুব চেনা। তবে গোর্কি সদনের ভিতরে পা রাখলে সেই গন্ধ আর মেজাজে মিশে যায় নবাবিয়ানার আমেজ। পাওয়া যায় পলাশীর মাটির গন্ধ। তার সঙ্গেই ফিরে আসে ভাগীরথীর কোলে হারিয়ে যাওয়া হীরাঝিল প্রাসাদের টুকরো ছবি। হাজির হয় মুর্শিদাবাদ সিল্ক, টেরাকোটার জিনিস থেকে শুরু করে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কিত বহু তথ্য। চোখের সামনে থরে থরে সাজানো সেই ইতিহাস। সৌজন্যে কলকাতার রাশিয়ান সেন্টার ফর সায়েন্স অ্যান্ড কালচার ও বারাসত অ্যাকাডেমি অব কালচার। তাদের উদ্যোগে সদ্য অনুষ্ঠিত হল এক বিশেষ প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাব সিরাজউদ্দৌলার অষ্টম বংশধর সৈয়দ মহম্মদ আজগর রেজা, কনস্যুলেট জেনারেল অফ দ্য রাশিয়ান ফেডারেশনের ভাইস কনসাল একাতেরিনা ত্যুরিনা, ইন্ডিয়ান মিউজিয়ামের আর্কিওলজি কনসালট্যান্ট সত্যকাম সেন। ১৭৫৭ সালের ২৩ জুন। পলাশীর প্রান্তরে বণিকের মানদণ্ড দেখা দিয়েছিল রাজদণ্ড রূপে। এরপর কেটে গিয়েছে ২৬৮ বছর। নবাবের প্রাসাদ হীরাঝিল এখন কোনওরকমে ইতিহাস আগলে বেঁচে। ঐতিহ্যের অধিকাংশই ভাগীরথীর গর্ভে। বাকিটুকু বাঁচাতে হাইকোর্টে জারি আইনি লড়াই। এসবের মাঝেই আবার এক ২৩ জুনকে বেছে নেওয়া হয় সিরাজ স্মরণের জন্য। জানালেন বারাসত অ্যাকাডেমি অব কালচারের প্রেসিডেন্ট তৈয়বউল ইসলাম। এই আন্তরিক আয়োজন দেখে মুগ্ধ সিরাজউদ্দৌলার অষ্টম বংশধর সৈয়দ মহম্মদ আজগর রেজা। তাঁর কথায়, ‘ভারত, মধ্যপ্রাচ্য, বিশ্বের ইতিহাস পড়েছি। অনেককে পড়িয়েছি। তবে এখনও নিজের মাটির ইতিহাস, মুর্শিদাবাদের ইতিহাস পুরোটা জানা হয়নি। এখানে আসতে পেরে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে।’ প্রদর্শনী ঘুরে দেখতে দেখতে একই অনুভূতি ভাইস কনসাল একাতেরিনা ত্যুরিনারও। অনুষ্ঠানে কেউ তুলে ধরলেন সিরাজউদ্দৌলার সামনে রামপ্রসাদের শ্যামাসঙ্গীত পরিবেশনের স্মৃতি, কেউ বললেন মুর্শিদাবাদ সিল্কের গল্প। ততক্ষণে সন্ধ্যা নেমেছে। এমনই এক দিনে বাংলার স্বাধীনতার সূর্যও ডুবে গিয়েছিল। এত বছর পেরিয়েও লড়াই জারি। লড়াই সেই সোনালি ইতিহাস বাঁচিয়ে রাখার। আর প্রায় ইতিহাস বিস্মৃত প্রজন্মকে সেই ইতিহাস চেনানোর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ