Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পিচ দেখলেন গম্ভীর, গান্ধী-ম্যান্ডেলা কয়েনে টস, নিরাপত্তা বাড়ল ইডেন টেস্টে

এক নভেম্বর থেকে আর এক  নভেম্বর। মাঝে শুধু ছ’টা বছর। ২০১৯ সালে কলকাতার ক্রিকেটপ্রেমীরা গোলাপি টেস্টের স্বাদ পেয়েছিলেন।

পিচ দেখলেন গম্ভীর, গান্ধী-ম্যান্ডেলা কয়েনে টস, নিরাপত্তা বাড়ল ইডেন টেস্টে
  • ১১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সুকান্ত বেরা, কলকাতা: এক নভেম্বর থেকে আর এক  নভেম্বর। মাঝে শুধু ছ’টা বছর। ২০১৯ সালে কলকাতার ক্রিকেটপ্রেমীরা গোলাপি টেস্টের স্বাদ পেয়েছিলেন। সেটাই ছিল দেশের মাটিতে প্রথম দিনরাতের টেস্ট। বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে লক্ষ লক্ষ ভক্তের প্রত্যাশা মিটিয়েছিলেন বিরাট কোহলি। কালের নিয়মে আজ তিনি প্রাক্তন টেস্ট ক্রিকেটার। বেশ কয়েক মাস আগেই লাল বলের ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন। ভারত যখন ইডেনে গোলাপি টেস্ট খেলেছিল রোহিতের নেতৃত্বে, তখন সৌরভ গাঙ্গুলি বোর্ড সভাপতি। গত ছ’বছরে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। বহু পথ পেরিয়ে সৌরভ ফের ক্রিকেট প্রশাসনে, সিএবি সভাপতি পদে শুরু করেছেন দ্বিতীয় ইনিংস। আর বদলে যাওয়া ভারতীয় টেস্ট দলের ব্যাটন এখন গিলের হাতে। 

Advertisement

ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট শুরু ১৪ নভেম্বর। দারুণ উন্মাদনা শহরের ক্রিকেটপ্রেমীদের মধ্যে। অনলাইনে দেখাচ্ছে টিকিট হাউসফুল। সোমবার সৌরভ বললেন, ৩২ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। প্রথম তিন দিনের টিকিটের চাহিদাই বেশি। এমনিতেই ইডেনে আন্তর্জাতিক ম্যাচ মানেই পুলিশের আনাগোনা লেগেই থাকে। দফায় দফায় খতিয়ে দেখা হয় নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণের পর ইডেনের নিরাপত্তা এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে কলকাতা পুলিশ। মঙ্গলবার সিএবি কর্তাদের সঙ্গে পুলিশের জরুরি বৈঠক। দুই দলের নিরাপত্তা যথেষ্ট আঁটসাঁট। মাঠে ঢোকা-বেরোনোর ক্ষেত্রেই জারি হচ্ছে নতুন নির্দেশিকা। মঙ্গলবার গম্ভীরের কালীঘাট যাওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সিএবি’র এক শীর্ষকর্তা বললেন, ‘দিল্লির ঘটনা খুবই দুভার্গ্যজনক। পুলিশ যেমন বলবে, আমরা সেই মতো চলব। ক্রিকেটারদের পাশাপাশি দর্শকদের নিরাপত্তা একইরকম গুরুত্বপূর্ণ।’
রবিবার রাতেই শহরে পৌঁছেছিলেন গম্ভীর, বুমরাহরা। সোমবার দফায় দফায় দুই দলের বাকি ক্রিকেটাররাও শিবিরে যোগ দিলেন। দেশের মাটিতে টেস্ট ম্যাচ মানেই ঘূর্ণি পিচে বিপক্ষের নাভিশ্বাস তুলে দ্রুত ম্যাচ পকেটে পুরে ফেলা। এটাই টিম ইন্ডিয়ার কৌশল। গত সিরিজেও তাই দেখা গিয়েছে। ইডেনের পিচ সেই কারণেই জোর চর্চায়। সোমবার সকাল এগারোটা নাগাদ নন্দনকাননে ঢুঁ মারলেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। সঙ্গী ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। মাঠে গিয়ে কিউরেটর সুজন মুখার্জির সঙ্গে কথাও বলতে দেখা যায় গম্ভীরকে। পিচ নিয়ে বিশেষ কোনও দাবি? সুজন বললেন, ‘পিচ দেখে খুশি গম্ভীর। ও জানতে চাইল, কেমন রান উঠবে? বললাম, ভালো ব্যাটিং পিচ হবে। প্রথম দিকে খেলতে সমস্যা হবে না।’ ভারত কি তাহলে টার্নিং পিচ চাইছে না? ইডেনের কিউরেটর জানালেন, ‘বল ঘুরবে। তবে র‌্যাঙ্ক টার্নার নয়। তৃতীয় দিনের পর স্পিনাররা সুবিধা পাবেন।’
ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট মানেই বাড়তি আবেগ। মহাত্মা গান্ধী ও নেলসন ম্যান্ডেলাকে সম্মান জানাতেই নামকরণ হয়েছে ফ্রিডম সিরিজ। সৌরভ জানালেন টস হবে, গান্ধী-ম্যান্ডেলা কয়েনে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ