Bartaman Logo
৯ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

রাঁচিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজ দ্বিতীয় টি-২০, সঞ্জু বিতর্ক ভুলে লিড বাড়াতে মরিয়া ভারত

জয়ের আলোয় চাপা পড়ে যায় অনেক ভুলত্রুটি। টিম ইন্ডিয়ার ক্ষেত্রে সেটাই ঘটছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বোলিং নিয়ে সন্তুষ্ট ছিলেন না কোচ গৌতম গম্ভীর।

রাঁচিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজ দ্বিতীয় টি-২০, সঞ্জু বিতর্ক ভুলে লিড বাড়াতে মরিয়া ভারত
  • ৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রাঁচি: জয়ের আলোয় চাপা পড়ে যায় অনেক ভুলত্রুটি। টিম ইন্ডিয়ার ক্ষেত্রে সেটাই ঘটছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বোলিং নিয়ে সন্তুষ্ট ছিলেন না কোচ গৌতম গম্ভীর। কিন্তু ২-১ ব্যবধানে সিরিজ জেতায় সমস্যাগুলো সেভাবে চর্চায় উঠে আসেনি। টি-২০ সিরিজেও দুর্দান্ত শুরু করেছে মেন ইন ব্লু। প্রথম ম্যাচে শ্রেয়স আয়ারের সেঞ্চুরির সুবাদে এসেছে অনায়াস জয়। তার পরেও টপ অর্ডার ব্যাটিং নিয়ে অসন্তোষ চাপা থাকছে না। বিশেষ করে সঞ্জু স্যামসনের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ক্ষুব্ধ। সোশ্যাল মিডিয়ায় দাবি উঠছে, সঞ্জুর পরিবর্তে বৈভব সুর্যবংশীকে খেলানোর। 

Advertisement

বাস্তবে সেই বার্তা কি কানে পৌঁছাবে কোচ গৌতম গম্ভীরের? তিনি তো আগেই বলে দিয়েছেন, বৈভবকে অপেক্ষা করতে হবে। কয়েকটা ম্যাচে ব্যর্থ হলেও সঞ্জুকে হুট করে বসিয়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেটা ঠিক কত ম্যাচ পর মূল্যায়নের পর্যায়ে পৌঁছাবে? পরিসংখ্যান বলছে, সঞ্জুর শেষ চার ইনিংসে সংগ্রহ ৯, ৭, ২, ১১। অভিষেক শর্মার সঙ্গে তাঁর পার্টনারশিপও জমেনি। তার পরেও কেরলের কিপার ব্যাটাসম্যানকে দিয়ে ইনিংসের সূচনা করিয়ে যাওয়ার সিদ্ধান্ত অনেকেরই নাপসন্দ। সেই কারণেই রাঁচিতে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে আবারও আলোচনার কেন্দ্রে সেই বিস্ময় বালক বৈভব। অবশ্য বিহারের বাঁ হাতি ব্যাটারও সেরা ফর্মে নেই। যে কারণে তাঁকে বসিয়ে রাখা সহজ হচ্ছে টিম ম্যানেজমেন্টের পক্ষে। তবে সঞ্জুর কাছে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। ধারাবাহিকভাবে রান না পেলে তাঁর জায়গা কিন্তু ছিনিয়ে নেবে অন্য কেউ।
এই সিরিজ ছিল শ্রেয়সের কাছেও কঠিন পরীক্ষা। প্রথম রাতে বেড়াল মারার লক্ষ্যে তিনি সফল। সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়ে আপাতত হট সিটে তিনি নিশ্চিত। তবে বোলিং বিভাগে কাটাছেঁড়া প্রয়োজন। বিশেষ করে পেস আক্রমণে। মায়াঙ্ক যাদব গত ম্যাচে প্রচুর রান বিলিয়েছিলেন। তবে সেই খামতি কিছুটা মিটিয়েছিলেন রাদারফোর্ডের উইকেট নিয়ে। তবুও ভারতের পেস আক্রমণে পরিবর্তন দেখা যেতে পারে। সেক্ষেত্রে প্রিন্স যাদব ভালো বিকল্প। নীতীশ রেড্ডির খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর এক অলরাউন্ডার নমন ধীরও প্রথম টি-২০’তে ভালো বল করেছিলেন। ৩১ রান দিয়ে তাঁর ঝুলিতে জমা পড়েছিল ৩ উইকেট। স্পিন বিভাগে কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলের উপরই ভরসা রাখতে পারে দল। 
প্রথম টি-২০’তে ক্যারিবিয়ান ক্রিকেটাররা খুব একটা সুবিধা করতে না পারলেও শাই হোপদের হাল্কাভাবে নেওয়া ঠিক হবে না। এমনিতেই বিশের ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা খুবই বিপজ্জনক। হেটমায়ার, রোস্টন চেজ, রাদার ফোর্ড, রোমারিও শেফার্ড, রভম্যান পাওয়েলরা ভারতীয় বোলারদের কঠিন পরীক্ষায় ফেলতেই পারেন।
 ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। 
সম্প্রচার স্টার স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ