শারজা: ক্রিকেটে ব্যাটারদের দাপট বাড়ছে প্রতিদিনই। টি-২০’তে বল ফেলার জায়গা পাচ্ছেন না বোলাররা। একদিনের ক্রিকেটেও ৩০০ প্লাস রান উঠছে অহরহ। এমন অবস্থায় মুখ খুললেন ওয়েস্ট ইন্ডিজের দুই প্রাক্তনী ডোয়েন ব্রাভো ও ক্রিস গেইল। লেজেন্ডস ক্রিকেট খেলতে দু’জনেই এখন শারজায় উপস্থিত। ব্রাভো বলেছেন, ‘যেভাবে চলছে ৫০০ রানও জেতার জন্য নিশ্চিত নয়। বোলারদের জন্য করুণা হচ্ছে। এই অবস্থায় বৈচিত্র ছাড়া টিকে থাকা মুশকিল।’ প্রাক্তন সতীর্থের সুরে গলা মিলিয়েছেন গেইলও। তাঁর কথায়, ‘তরুণ ব্যাটাররা এখন ভয়ডরহীন ক্রিকেট খেলছে। ব্যাপারটা নিঃসন্দেহে আকর্ষণীয়। তবে পিচ তৈরির সময় বোলারদের কথাও একটু মাথায় রাখা দরকার। না হলে খেলাটা একদিকে ঝুঁকে পড়বে।’



