Bartaman Logo
৯ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

কাম্বলির উদাহরণ মেলে ধরে বৈভবকে সতর্কবার্তা কপিলের

ভারতীয় ক্রিকেটের উদীয়মান নক্ষত্র বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সি বিস্ময় কিশোরকে ঘিরে সমর্থকদের প্রত্যাশার পারদ হু-হু করে চড়ছে। কিন্তু এখনই বৈভবকে নিয়ে এত লাফালাফি পছন্দ নয় কপিল দেবের।

কাম্বলির উদাহরণ মেলে ধরে বৈভবকে সতর্কবার্তা কপিলের
  • ৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের উদীয়মান নক্ষত্র বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সি বিস্ময় কিশোরকে ঘিরে সমর্থকদের প্রত্যাশার পারদ হু-হু করে চড়ছে। কিন্তু এখনই বৈভবকে নিয়ে এত লাফালাফি পছন্দ নয় কপিল দেবের। কিংবদন্তির আশঙ্কা, বেশি মাতামাতিতে মাথা ঘুরে যেতে পারে তরুণ প্রতিভার। এই প্রসঙ্গে তিনি টেনে এনেছেন বিনোদ কাম্বলির বেদানাদায়ক উদাহরণ। কপিলের মতে, অল্প বয়সে চমক দিলেও সামনে দীর্ঘ পথ পড়ে রয়েছে। যথাযথ প্রতিষ্ঠার পরেই ওর সঠিক মূল্যায়ন করা উচিত।

Advertisement

এক সাক্ষাৎকারে কপিল বলেন, ‘এত তাড়াতাড়ি কিছু বলা ঠিক হবে না। সবে কেরিয়ার শুরু করেছে ছেলেটা। নিঃসন্দেহে দারুণ প্রতিভাবান। তবে আমরা দেখেছি, বহু ক্রিকেটার সম্ভাবনা জাগিয়ে ধীরে ধীরে হারিয়ে গিয়েছে। তাই ওকে সতর্ক থাকতে হবে। বৈভবের এখন মাত্র ১৫। ওকে আরও তিন বছর খেলতে দিন। তার পর কথা বলব।’ এর পরেই কাম্বলির প্রসঙ্গ টেনে আনেন তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক। কপিল বলেন, ‘বিনোদ কাম্বলিকে দেখুন। ওরও প্রতিভা ছিল। কিন্তু হারিয়ে গেল। ওকে নিয়ে আপনি কী বলবেন?’ উল্লেখ্য, একটা সময় শচীন তেন্ডুলকরের সঙ্গে তুলনা চলত বাঁ হাতি ব্যাটারের। কিন্তু বিশৃঙ্খল জীবনযাপনে অচিরে হারিয়ে গিয়েছেন কাম্বলি।
তরুণ ক্রিকেটারদের নিয়ে কপিলের দৃষ্টিভঙ্গি কেবল একটি ইনিংস বা একটি মরশুমের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি সবসময় এমন খেলোয়াড়দের খোঁজ করেন যাঁরা এক দশক বা তারও বেশি সময় শীর্ষ পর্যায়ে নিজেদের ধরে রাখতে সক্ষম। তাঁর অভিমত, ‘আমি সেই সকল তরুণ ক্রিকেটারদেরই গুরুত্ব দিয়ে এসেছি, যাদের মধ্যে আগামী ১০-১৫ বছর দেশের জার্সিতে খেলার মতো উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। আমরা রোহিত ও বিরাটকে দেখেছি। শচীনকেও দেখেছি। তারা আমাদের গর্বিত করেছে।’ সেই সঙ্গে কপিলের সংযোজন, ‘আসলে আমরা সবসময় পরবর্তী নায়কের সন্ধানে থাকি। মাথায় ঘোরে, পরবর্তী নায়ক কে? এর মধ্যে অস্বাভাবিকত্বের কিছু নেই। তবে আমি বলব, তাকে ঘিরেই স্বপ্ন দেখুন, যে সুযোগের সদ্ব্যবহারে প্রস্তুত এবং কোহলি-রোহিতের জায়গা নিতে সক্ষম। আমার মনও সবসময় এমন খেলোয়াড়কেই খোঁজে। বৈভবের মধ্যেও প্রতিভার প্রাচুর্য রয়েছে। তবে মাতামাতি নয়, ওকে সযত্নে লালন পালন করতে হবে। যতদিন না, নিজের ক্ষমতা সম্পর্কে স্পষ্ট ধারণা হচ্ছে, ততদিন আগলে রাখতে হবে। তাই আবারও বলছি, আরও কয়েক বছর খেলুক, তারপর ওর পর্যালোচনা করব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ