Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কেলেঘাইয়ের উপর ৩৪ কোটিতে দ্বিতীয় সেতু, কলকাতার দূরত্ব কমে ৭০ কিমি

কেলেঘাইয়ের উপর ৩৪ কোটিতে দ্বিতীয় সেতু, কলকাতার দূরত্ব কমে ৭০ কিমি
  • ৭ এপ্রিল, ২০২৫ ১৭:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সবং: কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতার ৭৮ বছর পর কেলেঘাই নদীর উপর সবং ব্লকের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের লাঙলকাটায় তৈরি হচ্ছে সেতু। উপকৃত হবেন কমকরে ৬টি ব্লকের প্রায় ১৪ লক্ষ মানুষ। উন্নত হবে দুই মেদিনীপুরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা। কলকাতা যাওয়া আরও সহজ হবে। প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন, সেতুটি তৈরি হলে কলকাতার দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার কমে যাবে। খরচ হবে প্রায় ৩৪ কোটি টাকা। সেচদপ্তরের উদ্যোগে এই সেতু তৈরি হবে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, লাঙলকাটা এলাকায় এক সময়ে কাঠের সেতু ছিল। কিন্তু ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো। বড় গাড়ি যেতে পারত না। বর্ষার জল বাড়লেই সেতু ভেঙে যেত। ফের কাঠের তৈরি সেতু বানাতে হতো।

Advertisement

জানা গিয়েছে, মানস ভুঁইয়া সেচমন্ত্রী হওয়ার পরেই কেলেঘাই নদীর উপর সেতু নিয়ে দুই মেদিনীপুরের মানুষ আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন। এদিন মানস ভুঁইয়া বলেন, মুখ্যমন্ত্রী অসাধ্য সাধন করলেন। এই সেতু তৈরি হলে কত মানুষ যে উপকৃত হবেন তা বলার অপেক্ষা রাখে না। এত বছর ক্ষমতায় থাকলেও বাম সরকার একাজ করতে পারেনি। এই সরকার কথা দিলে কথা রাখতে জানে, তা আবারও প্রমাণিত হল।
জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স বলেন, এর চেয়ে বড় খুশির খবর আর কী বা হতে পারে। যাতায়াত ব্যবস্থার উন্নতি হলে শুধু সাধারণ মানুষ নয়, ব্যবসায়ীরাও উপকৃত হবেন। দ্রুত কাজ শুরু হবে বলে আশাবাদী।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেলাঘাই নদীর দৈর্ঘ্য প্রায় ১২১ কিলোমিটার। পটাশপুর-ডেবরা রাজ্য সড়কের উপর দেহাটিতে কেলেঘাই নদীর উপর একটি সেতু রয়েছে। কিন্তু এই নদীতে দ্বিতীয় কোনও সেতু নেই। কেলেঘাই নদীর উপর সবং ও পটাশপুর, ভগবানপুরের সংযোগকারী একটি কংক্রিটের সেতুর দাবি দীর্ঘদিনের। এই সেতুর জন্য বাম আমল থেকেই দাবি জানানো হচ্ছে। বহুবার বিক্ষোভও দেখিয়েছেন সাধারণ মানুষ। কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছিল না। অবশেষে মুখ্যমন্ত্রী সমস্যার সমাধান করলেন। জানা গিয়েছে, লাঙলকাটা ছাড়াও আরও তিন জায়গায় সেতুর দাবি ছিল। কিন্তু চার জায়গায় সেতু করা কোনওভাবেই সম্ভব ছিল না। অন্তত এক জায়গায় সেতু হোক, এমনটাই চাইছিলেন কেলেঘাই নদীর দুই পাড়ের বাসিন্দারা।
 এই সেতু তৈরি হলে মেদিনীপুর জেলার সবং, পিংলা, নারায়ণগড়, বেলদা ব্লকের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন। অপরদিকে, পূর্ব মেদিনীপুর জেলায় উপকৃত হবে ভগবানপুর, পটাশপুর, চণ্ডীপুর ব্লকের মানুষ। আগে কলকাতা যেতে হলে সবংয়ের মানুষকে ডেবরা হয়ে ঘুরে যেতে হতো। এছাড়া সেতু তৈরি হলে নদীর দুই পাড়ের বিস্তীর্ণ এলাকার মানুষ দ্রুত চিকিৎসা পরিষেবা পাবেন। এদিন সবংয়ের বাসিন্দা সঞ্জীব দাস বলেন, এই সেতু তৈরি হলে খুবই উপকার হবে মানুষের। যোগাযোগ ব্যবস্থা ভালো হলে সবংয়ের মাদুর শিল্পীদের উপকার হবে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।সবংয়ের মাদুর ব্যবসায়ী চন্দন মণ্ডল বলেন, প্রায় ৮০ কিলোমিটার এলাকাজুড়ে নদীর উপর কোনও সেতু ছিল না। অনেক ঘুরপথে যেতে হতো। এবার খুব সহজে মাদুর অন্যত্র পাঠাতে পারব।

Advertisement
সম্পর্কিত সংবাদ