নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ভারতীয় নৌবাহিনীর উদ্যোগে আগামী ২৫ ও ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে উপকূলীয় প্রতিরক্ষা মহড়া ‘সি ভিজিল-২৬’। সোমবার কলকাতায় নৌবাহিনীর দপ্তর আইএনএস নেতাজি সুভাষ-এ এ ব্যাপারে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে এই কর্মসূচি ঘোষণা করেন নেভাল অফিসার-ইনচার্জ (ওয়েস্ট বেঙ্গল) তথা আইএনএস নেতাজি সুভাষের কমান্ডিং অফিসার কমোডোর অজয় যাদব। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে কলকাতা এবং সুন্দরবনে দুই জায়গায় অনুষ্ঠিত হবে।
প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই জাতীয়-স্তরের উদ্যোগটি সমস্ত সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলির প্রস্তুতি মূল্যায়ন, শক্তি এবং দুর্বলতা চিহ্নিত করা এবং দেশের সামগ্রিক সামুদ্রিক প্রতিরক্ষা কাঠামোকে উন্নত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ প্রদান করে। নৌবাহিনীর পাশাপাশি, সেনাবাহিনী, বিমান বাহিনী, কোস্ট গার্ড, বিএসএফ, মেরিন পুলিশ, এনএসজি, সিআইএসএফ, কাস্টমস, মৎস্য বিভাগ এবং অন্যান্য অসামরিক কর্তৃপক্ষ এবং এনসিসি ক্যাডেটরাও অংশগ্রহণ করবে।



