সংবাদদাতা, শিলিগুড়ি: সদ্যোজাত অপরিণত শিশুদের রেটিনা পরীক্ষা শুরু হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এরপর শিলিগুড়ি জেলা হাসপাতাল ও দার্জিলিং জেলা হাসপাতালেও জাতীয় প্রকল্পের এই পরিষেবা চালু হবে। সদ্যোজাতের রেটিনা পরীক্ষার প্রয়োজনীয় পরিকাঠামো উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে না থাকায় একটি বেসরকারি চোখের হাসপাতালের সাহায্য নেওয়া হয়েছে।
Advertisement
দার্জিলিং জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক-২ ডাঃ আনোয়ার হোসেন বলেন, এটি একটি জাতীয় প্রকল্প। অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শিশুদের পরবর্তীতে অন্যান্য অঙ্গের মতো চোখেরও নানানরকম সমস্যা দেখা দিতে পারে। জন্মর পরপরই তা নির্ণয় করে চিকিৎসা শুরু করলে এই ঝুঁকি এড়ানো যায়। এ জন্যই প্রকল্পটি চালু হয়েছে। এই চিকিৎসার জন্য লেজার থেরাপির দরকার হয়। কিন্তু উত্তরবঙ্গ মেডিক্যালে সেই পরিকাঠামো না থাকায় আমরা একটি বেসরকারি চোখের হাসপাতালের সঙ্গে যৌথভাবে এই কাজ করছি।



