সংবাদদাতা, জঙ্গিপুর: বৃহস্পতিবার সকালে ফরাক্কা ব্যারেজ প্রজেক্ট এলাকায় ক্ষতবিক্ষত ও খুবলানো সদ্যোজাত শিশুপুত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিস। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠায়। ওই নবজাতকের দেহ কিভাবে এখানে এল, তা তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিস। কেউ বা কারা রাতের অন্ধকারে রাস্তার পাশে জঙ্গলের মধ্যে ফেলে পালিয়েছে বলে পুলিসের অনুমান। ফরাক্কার থানার এক পুলিস অফিসার জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জানা গিয়েছে, ফরাক্কা ব্যারেজ প্রজেক্টের ভি ব্লক সংলগ্ন পাঁচ নম্বর রাস্তায় কুকুরে এক নবজাতকের দেহ নিয়ে টানাটানি করছিল।



