Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সদস্য সংগ্রহের টার্গেট থেকে বহু দূরে বিজেপি, আলিপুরদুয়ারে কর্মসূচির সময়সীমা বৃদ্ধি

সদস্য সংগ্রহের টার্গেট থেকে বহু দূরে বিজেপি, আলিপুরদুয়ারে কর্মসূচির সময়সীমা বৃদ্ধি
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের নির্ধারিত সময়সীমা ছিল ৩০ নভেম্বর। এই সময়ের মধ্যে আলিপুরদুয়ার জেলায় বিজেপির সদস্য সংগ্রহের টার্গেট ছিল দু’লক্ষ। শনিবার সেই সময়সীমা শেষ হওয়ার পর দেখা গেল, জেলায় বিজেপি সেই টার্গেটের ধারে কাছেও পৌঁছতে পারেনি। তাই বিজেপি নেতৃত্ব সদস্য সংগ্রহের মেয়াদ আরও ১৫ দিন বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে বিজেপির সদস্য সংগ্রহ কর্মসূচি।   
Advertisement
কিন্তু তাতেও দু’লক্ষের নির্ধারিত সদস্য সংগ্রহের লক্ষ্যে পৌঁছনো যাবে কি না, তা নিয়ে সন্দিহান পদ্ম শিবিরের নেতারাই। বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের জেলা ইনচার্জ মিঠু দাস বলেন, শুক্রবার পর্যন্ত দলের সদস্য সংগ্রহ হয়েছে ৫৫ হাজারের কিছুটা বেশি। যদিও বিধানসভা ভিত্তিক সদস্য সংগ্রহের সংখ্যা কত তা বলতে চাননি মিঠুবাবু। তিনি বলেন, দলীয় নেতৃত্বের নির্দেশ বিধানসভা ভিত্তিক দলের সদস্য সংগ্রহের সংখ্যা এখনই বাইরে কোথাও বলা যাবে না। ১৫ ডিসেম্বরের পর দলের বিধানসভা ভিত্তিক সদস্য সংগ্রহের হিসেব জানা যাবে।
জেলায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযান যে মুখ থুবড়ে পড়েছে তা শুক্রবার পর্যন্ত হিসেবই বলে দিচ্ছে। সদস্য সংগ্রহের মেয়াদ আরও দু’সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু আগামী দু’সপ্তাহে জেলায় আরও দেড় লক্ষ সদস্য সংগ্রহ কার্যত যে অসম্ভব তা স্বীকার করছেন বিজেপি নেতারাই।  
যদিও বিজেপির জেলা সভাপতি, এমপি মনোজ টিগ্গার সাফাই, সদ্যসমাপ্ত মাদারিহাট বিধানসভার উপ নির্বাচনে দলের কর্মী-সমর্থকরা ব্যস্ত ছিলেন। সেকারণে দলের সদস্য সংগ্রহ অভিযানে একটু ভাঁটা পড়েছিল। তবে দল আরও দু’সপ্তাহ সদস্য সংগ্রহ অভিযানের মেয়াদ বাড়িয়ে দিয়েছে। আশা করছি এই সময়ের মধ্যে আমরা নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে পারব। বিজেপি নেতৃত্ব জানিয়েছে, ১৫ তারিখ অভিযান শেষে পরের দিন ১৬ তারিখ সদস্য সংগ্রহের রিভিউ বৈঠক হবে। তারপরেই সদস্য সংগ্রহের চূড়ান্ত সংখ্যা জানা যাবে।
সম্পর্কিত সংবাদ