নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রাজ্য নেতৃত্ব চাপ দিলেও সদস্যপদ সংগ্রহে জোয়ার আসছে না। সোমবার বর্ধমান জেলা পার্টি অফিসে রাঢ়বঙ্গের সাত জেলার নেতারা সদস্যপদ সংগ্রহের বিষয়টি খতিয়ে দেখতে বৈঠকে বসেন। পূর্ব বর্ধমানের জেলা সভাপতি অভিজিৎ তা, দলের নেতা লক্ষ্মণ ঘোড়ুই সহ অন্যান্যরা বৈঠকে হাজির ছিলেন। অধিকাংশ জেলা টার্গেট পূরণ করতে পরেনি। দলের এক নেতা বলেন, বুথ কমিটি দুর্বল থাকার কারণেই সদস্য সংখ্যা বাড়ানো যাচ্ছে না। পূর্ব বর্ধমান জেলায় এখনও পর্যন্ত প্রায় ৬০ হাজার সদস্য হয়েছে। এক লক্ষের বেশি সদস্য করার টার্গেট নেওয়া হয়েছিল। দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি নেতারা অনেকের কাছে গিয়ে সদস্য হওয়ার প্রস্তাব দিলেও তাঁরা তা ফিরিয়ে দিচ্ছেন। তাতেই দলের অস্বস্তি বেড়েছে।



