নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: সদস্য সংগ্রহ অভিযান নিয়ে আজ, মঙ্গলবার বৈঠকে বসছে বাঁকুড়ার বিজেপি নেতৃত্ব। আগামিকাল, বুধবার বিজেপি-র বিষ্ণুপুর সাংগঠনিক জেলার নেতারা একই বিষয়ে বৈঠক করবেন। বাঁকুড়া জেলায় সামগ্রিকভাবে সদস্য সংগ্রহ অভিযান ইতিমধ্যেই জোর ধাক্কা খেয়েছে। এতদিন তালডাংরা বিধানসভার উপ নির্বাচনের দোহাই দিয়ে বিজেপি নেতারা পার পেয়ে যাচ্ছিলেন। বিধানসভার ফল প্রকাশের পর উপরমহল থেকে বিষয়টি নিয়ে জেলা নেতৃত্বকে চেপে ধরা হয়েছে। ফলে তড়িঘড়ি করে এব্যাপারে বৈঠক ডেকে ‘ড্যামেজ কন্ট্রোলের’ চেষ্টা করছে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার দু’টি সাংগঠনিক জেলা মিলিয়ে কয়েক লক্ষ সদস্য সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। কিন্তু, এখনও টার্গেট পূরণ হয়নি। যদিও এব্যাপারে জেলা বিজেপি নেতারা স্পষ্ট করে কিছু বলতে চাননি। অনলাইনে পুরো বিষয়টি হচ্ছে বলে তাঁদের কাছে ওই সম্পর্কিত কোনও তথ্য নেই বলে জেলা বিজেপির নেতারা সাফাই দিয়েছেন। বিজেপি-র বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীলরুদ্র মণ্ডল বলেন, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ বাঁকুড়া শহরের একটি লজে বৈঠক ডাকা হয়েছে। সদস্য সংগ্রহের ক্ষেত্রে লক্ষ্যমাত্রার থেকে আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি। দলের সক্রিয় নেতাকর্মীদের প্রত্যেককে অন্তত ১০০ জন নতুন সদস্য সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, অনেকেই তার ধারেকাছে পৌঁছতে পারেননি। তাঁদের নতুন করে নির্দেশ দেওয়া হবে। পুরো বিষয়টি অনলাইনে হচ্ছে। রাজ্য থেকে এব্যাপারে আমাদের কাছে নির্দিষ্ট কোনও তথ্য জানানো হয়নি। তাছাড়া এর আগে শেষবার যখন সদস্য সংগ্রহ অভিযান হয়েছিল, তখন আমি দলের দায়িত্বে ছিলাম না। ফলে তখনকার চিত্র আমার জানা নেই। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সভাপতি তথা বিধায়ক অমরনাথ শাখা বলেন, আমরা বুধবার সদস্য সংগ্রহ অভিযানের পর্যালোচনা বৈঠক করব। প্রথমে অন্য একটি পদ্ধতিতে (ফরম্যাটে) সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। সেই কাজে আমরা অনেকটাই এগিয়ে যাই। পরে দলের তরফে পদ্ধতি পরিবর্তন করা হয়। ফলে নতুন নিয়মে খুব কম সদস্য সংগ্রহ হয়েছে। বিষয়টি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। সেখানে এব্যাপারে নতুন করে রূপরেখা তৈরি করা হবে।
Advertisement
বাঁকুড়ার এক বিজেপি নেতা বলেন, বর্তমানে নেতৃত্বের একটা অংশ দায়সারাভাবে দল করছেন। ফলে সাংগঠনিক কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হচ্ছে না। রাজ্যের নেতাদের এব্যাপারে নজর দেওয়া উচিত।



