Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সদাইপুরে পথ দুর্ঘটনা কমাতে চালকদের চা খাওয়াচ্ছে পুলিস

সদাইপুরে পথ দুর্ঘটনা কমাতে চালকদের চা খাওয়াচ্ছে পুলিস
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: পথ দুর্ঘটনা কমাতে অভিনব উদ্যোগ নিল সদাইপুর থানার পুলিস। জাতীয় সড়ক ধরে চলা গাড়ির চালকদের নিয়ম করে চা ও বিস্কুট খাওয়াচ্ছে পুলিস। সেইসঙ্গে সচেতনভাবে গাড়ি চালানোর জন্য পুলিস কর্মীদের তরফে গাড়ি চালকদের সতর্কও করা হচ্ছে। বিগত কয়েকদিন ধরেই ওই থানা এলাকায় এই কাজ করা হচ্ছে।
Advertisement
শীতের সকালে ও রাতে কুয়াশার দাপট অব্যাহত থাকে। এই পরিস্থিতিতে অনেকসময় দূরপাল্লার গাড়ি চালকরা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। ঘটনায় দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। অতীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কারণে একাধিক দুর্ঘটনাও ঘটেছে। সেক্ষেত্রে পথ নিরাপত্তা সপ্তাহকে সামনে রেখে সদাইপুর থানার পুলিস রাস্তায় নামল। মূলত ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে চলাচলকারী গাড়ি দাঁড় করিয়ে চালকদের চা ও বিস্কুট খাওয়ানো হচ্ছে। সেইসঙ্গে তাঁদের জলও দেওয়া হচ্ছে। এছাড়াও দুর্ঘটনা এড়াতে পুলিসের তরফে চালকদের পাঠও দেওয়া হচ্ছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ১৪ নম্বর জাতীয় সড়কের প্রায় ১২ কিলোমিটার এলাকা সদাইপুর থানার অধীন। এই দীর্ঘ পথের বাঁধেরশোল এবং তাপাসপুর এলাকায় পুলিসের তরফে এই কর্মসূচি চলছে। নিয়ম করে সকাল এবং রাতে কুয়াশাচ্ছন্ন পরিবেশে দূরপাল্লার চালকদের চা, বিস্কুট খাওয়ানো হচ্ছে। 
এক পুলিস কর্তা জানিয়েছেন, শীতের রাতে ও সকালে ঠান্ডায় গাড়ি চালানোর সময় অনেকেই তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। তাই পথ নিরাপত্তা সপ্তাহকে সামনে রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে পথ দুর্ঘটনা এড়ানো অনেকটাই সম্ভব হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ