নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: শনিবার সকালে সদাইপুরের চিনপাই বাইপাসে রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪নম্বর জাতীয় সড়কে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দু’জন গুরুতর জখম হলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়ির দিক থেকে একটি পিকআপ ভ্যান দুবরাজপুরের দিকে আসছিল। সেসময় উল্টোদিক থেকে একটি খালি ডাম্পার আসছিল। চিনপাই বাইপাসের কাছে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপ ভ্যানের চালক মৃন্ময় দাস ও খালাসি জয় বিশ্বাস গুরুতর জখম হন। তাঁদের বাড়ি বর্ধমানের আউশগ্রামে।



